ছাত্রলীগ নেতাদের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী
জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বাংলার মাটিতে ঠাঁই হবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা একই সূত্রে গাঁথা এবং বাংলার মাটিতে তাদের ও তাদের মদদদাতাদের ঠাঁই হবে না। ছাত্রলীগের সদ্য বিদায়ী নেতারা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোটের শাসনামলে বহির্বিশ্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসী দেশ হিসেবে বাংলাদেশের যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল, বর্তমান সরকারের কঠোর অবস্থানের কারণে তা কেটে গেছে। বর্তমানে বাংলাদেশ বহির্বিশ্বে একটি শান্তির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসকে কোনোভাবেই বরদাশত করবে না। তিনি ছাত্রলীগের সদ্য বিদায়ী নেতাদের জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক ধারা বজায় রাখতে আহ্বান জানান। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের হত্যার বিচারসহ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ হামলার সঙ্গে যারা জড়িত এবং এর পরিকল্পনাকারী, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিগত চারদলীয় জোটের শাসনামলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। আমরা সেই অবস্থা থেকে অর্থনীতিকে টেনে তুলতে সক্ষম হয়েছি।শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গত সোমবার দেশে সর্বোচ্চ ৪ হাজার ৯৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে ছাত্রলীগের বিদায়ী সভাপতি মাহমুদ হাসান এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বক্তব্য দেন।