জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের কুমারগাঁও থেকে সুনামগঞ্জের ছাতকে পদযাত্রা করে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাধারণ জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত পদযাত্রা করা হয়।
পদযাত্রার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের চারটি এলাকায় পথসভা করা হয়। ওই রাতে ছাতকে পৌঁছে শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে ওই পদযাত্রা শেষ হয়।
শনিবার বেলা ১১টায় সিলেটের কুমারগাঁও বাসস্টেশন থেকে পদযাত্রা শুরুর আগে সেখানে সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির ওরফে চন্দন।
সাজ্জাদ জহির বলেন, রাজনীতির দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে সিপিবির কেন্দ্রীয় কমিটি ঘোষিত জানুয়ারি মাসব্যাপী ‘প্রচার মাস’ সফল করার লক্ষ্যে এই পদযাত্রা কর্মসূচি। এ সময় অন্য বক্তারা বলেন, দেশ অস্থিতিশীল ও গভীর সংকটে নিপতিত। একই সঙ্গে অর্থনীতি বিপর্যস্ত এবং গণতন্ত্র ক্ষতবিক্ষত।
সাজ্জাদ জহির আরও বলেন, উগ্র ধর্মীয় মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর হামলা থেকে বিজ্ঞানমনষ্ক মুক্তচিন্তার লেখক, প্রকাশক এমনকি বিদেশি নাগরিকেরাও রেহাই পাচ্ছেন না। এসব অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে।
কুমারগাঁও থেকে পদযাত্রা চলার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার, লামাকাজি, গোলচন্দ বাজার ও গোবিন্দগঞ্জে গোলাম রাব্বি চৌধুরী ও নিরঞ্জন দাসের সঞ্চালনায় পথসভা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য বীরেন্দ্র চন্দ্র দেব ও বাদল কর।