জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী ঐক্য গড়ার ডাক
যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্যই পুলিশ, সৃজনশীল প্রকাশক ও লেখকদের একের পর এক হত্যা করা হচ্ছে বলে দাবি করেছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ। এ অবস্থা থেকে উত্তরণে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী ঐক্য গড়ে তুলতে জনপ্রতিরোধের ডাক দেওয়া হয়েছে।
আজ বুধবার জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ডাক দেওয়া হয়। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। তাঁর এ বক্তব্য মেনে নেওয়া যায় না। দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য জনগণ তাঁর বিচার করবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ আজিজ সুপার মার্কেট ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে সাত দফা দাবি পেশ করা হয়। দাবি এবং সংগঠনের পক্ষ থেকে মূল বক্তব্য তুলে ধরেন নূর মোহাম্মদ তালুকদার।
দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম দীর্ঘসূত্রতার আবর্ত থেকে বের করে দণ্ডাদেশ দ্রুত কার্যকর করতে হবে। সরকারের অবস্থান সুস্পষ্ট ও দৃঢ় হতে হবে। জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের অর্থায়নের সব উৎস রাষ্ট্রের ব্যবস্থাপনায় আনতে হবে।
সমাবেশে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত করে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আর বিএনপি জামায়াতে ইসলামীকে নিয়ে দেশকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল হলে যুদ্ধাপরাধীকে দলের স্থায়ী কমিটি থেকে বহিষ্কার করতে হবে। তিনি বলেন, দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চলছে। এ সংস্কৃতি বন্ধ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এখন আক্রান্ত। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, আপনি গোয়েন্দা কর্মকর্তা নন। কোনটি জঙ্গিবাদ আর কোনটি জঙ্গিবাদ নয়, সে ব্যাখ্যা আপনি দেবেন না। তিনি বলেন, জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে ২০ দলের বৈঠক ডাকতে হবে। ২০ দলের বৈঠকে জামায়াত থাকলে বিএনপি জঙ্গিবাদে অভিযুক্ত হবে। তিনি বলেন, পুলিশের ওপর হামলা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের প্রতিরোধ করতে হবে।
জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, জঙ্গিরা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়। তারা এ দেশকে পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। জাসদের নেত্রী সাংসদ শিরিন আক্তার বলেন, খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জঙ্গিবাদের বিরুদ্ধে ’৭১-এর মতো ঝাঁপিয়ে পড়তে হবে।
প্রবীণ রাজনীতিক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন নূর আহমেদ বকুল।