
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে নোয়াখালী ‘মুক্ত দিবস’ পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর হানাদার পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয় নোয়াখালী। দিবসটি স্মরণে গতকাল বুধবার বিকেলে বিজয় শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে নোয়াখালীর মাইজদী শহরের পিটিআই মুক্ত স্কয়ার থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। পরে মুক্ত স্কয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ, সাবেক সাংসদ ফজলে এলাহী, মুক্ত দিবস উদ্যাপন পরিষদের সদস্যসচিব মিয়া মো. শাহ্জাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম, সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা নতুন করে দেশের জন্য সংকট হয়ে এসেছে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্ধুসভার মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর: নোয়াখালী মুক্ত দিবসে গতকাল প্রথম আলো বন্ধুসভা জেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শোনার আসরের আয়োজন করা হয়। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন মুক্তিযোদ্ধার স্মৃতিফলকে আয়োজিত এ আসরে মুক্তিযোদ্ধা শেখ সামছুল আলম ও মাহবুবুর রহমান যুদ্ধদিনের কথা শোনান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।