জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমত গঠন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিবাদ এবং উপমহাদেশের আরেকটি বড় ব্যাধি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমত গঠন করা জরুরি। কাজটি অনেক কঠিন হলেও তা করতেই হবে। কারণ আফগানিস্তানে তালেবানি রাষ্ট্র কায়েম হলে সেই ধাক্কা থেকে বাংলাদেশও রেহাই পাবে না।গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চের প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন। সভায় সারা দেশ থেকে আসা মঞ্চের নেতারা বক্তব্য দেন।উদ্বোধনী বক্তব্যে মঞ্চের সমন্বয়ক অজয় রায় বলেন, শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শিক্ষা কমিশনের প্রতিবেদন নিয়ে একটি শ্রেণী দেশে হইচই করবে, তাদের মোকাবিলা করতে হবে।সংগঠনের সদস্যসচিব নুর মোহাম্মদ তালুকদার সভায় একটি প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে তিনি বলেন, যে অপশক্তি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতা করে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই জামায়াতে ইসলামী আজ জঙ্গিবাদের উত্থানে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। এদের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয়তাবাদী শক্তি বলে পরিচয় দানকারী বিএনপি। এরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস শুরু করেছে। এদের সব ষড়যন্ত্র রুখতে হবে।সারা দেশ থেকে আসা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চের প্রতিনিধিরা সভায় তাঁদের পরামর্শ তুলে ধরেন। তাঁরা সরকারি দলের অঙ্গসংগঠনগুলোর টেন্ডারবাজি ও চাঁদাবাজির সমালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিরোধী দলের আন্দোলনে শক্তি প্রয়োগেরও সমালোচনা করেন তাঁরা।সমাপনী বক্তব্যে মঞ্চের যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারিক আলী বলেন, যদি পাকিস্তান, আফগানিস্তান তালেবানি রাষ্ট্র হয়ে যায়, এর প্রভাব এড়াতে পারবে না বাংলাদেশও।