উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জঙ্গিবাদ চোরাচালান রোধে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট কাজে লাগবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও ভিসা (এমআরভি) ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। মাদক, অস্ত্র চোরাচালান এবং জঙ্গিবাদ ঠেকাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।দেশের পাসপোর্ট ও ভিসাব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। কিন্তু সনাতন পদ্ধতির পাসপোর্টের কারণে অনেক সময় তাঁদের হয়রানির শিকার হতে হয়। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট চালুর ফলে এ হয়রানি বন্ধ হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় পাসপোর্ট জাল করে নিরীহ মানুষকে ঠকানো হতো। সনাতন পদ্ধতিতে একই ব্যক্তির ভিন্ন নামে একাধিক পাসপোর্ট রাখার সুযোগ ছিল। এসব পাসপোর্ট সাধারণত অস্ত্র ও চোরাচালানের কাজে বেশি ব্যবহার হয়ে থাকে। এমআরপি প্রবর্তনের ফলে এখন আর কেউ একাধিক পাসপোর্ট রাখতে পারবে না এবং তথ্য গোপন করা সম্ভব হবে না।’দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, গত বছরের মার্চে ৫২৬ কোটি টাকা ব্যয়ে এমআরপি প্রকল্প অনুমোদন করা হয়। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে। এ ছাড়া প্রবাসীদের দ্রুত যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যেই দূতাবাসগুলোতে যন্ত্রপাতি স্থাপন ও জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সেনাবাহিনীর সহায়তায় মালয়েশিয়ার কোম্পানি আইআরআইএস করপোরেশন আট মাসে এমআরপি তৈরি করে। এ পাসপোর্টে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৩৮টি নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা হয়েছে।