জঙ্গিবাদ ঠেকাতে একযোগে কাজ করার আহ্বান
দেশে চলমান গুপ্তহত্যাসহ সন্ত্রাসী ও জঙ্গি হামলা প্রতিরোধে গতকাল সোমবার বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, আওয়ামী লীগ ও ১৪ দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও ১৪ দলের যৌথ উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়েছে। গতকাল
বিকেল চারটায় পৌর শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আফতাব উদ্দিন আহমদ, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, আওয়ামী লীগের নেতা নান্টু রায়, হায়দার চৌধুরী, সিরাজুর রহমান, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ-বিষয়ক সম্পাদক শামীমা শাহরিয়ার, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশে জঙ্গিদের স্থান হবে না। বাংলাদেশ সম্প্রীতির দেশ। বর্তমান সরকার দেশের শান্তিপ্রিয় জনগণকে নিয়ে জঙ্গিদের মোকাবিলা করবে।
মৌলভীবাজার: গতকাল সকালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে স্থানীয় মসজিদের ইমামদের নিয়ে এই কর্মসূচি পালিত হয়েছে। প্রতিষ্ঠানটির মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মৌলভীবাজারের উপপরিচালক সিরাজুল ইসলাম। ইয়াইয়া আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন।
কুমিল্লা: সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা হয়। এর আগে সকাল ১০টায় ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে জঙ্গিবাদের বিরুদ্ধে এক শোভাযাত্রা বের করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার পরিদর্শক মাহাবুবুর রহমান, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ূন কবির, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সহকারী কমিশনার কামরুল ইসলাম বলেন, ধর্মের অপব্যাখ্যার কারণেই না বুঝে তরুণ প্রজন্ম জঙ্গি আদর্শে উদ্বুদ্ধ হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। মসজিদের খুতবায় জঙ্গিবাদ নিয়ে কথা বলতে হবে।