জঙ্গিবাদ ঠেকাতে চট্টগ্রামে ছয় দিনের কর্মসূচি
জঙ্গিবাদ ঠেকানোর দায়িত্ব শুধু সরকারের একার নয়। কোনো বিশেষ প্রতিষ্ঠান বা সংস্থার পক্ষেও এটি সম্ভব নয়। জঙ্গিবাদ নির্মূলের জন্য দলমত-নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক ছয় দিনব্যাপী প্রচারণা কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির জন্য টানা ছয় দিন বিভিন্ন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ কাজে সহায়তা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। ২৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির বিষয়টি অল্প কয়েক দিনের কাজ নয়। জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম চালিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জঙ্গিবাদবিরোধী গণসচেতনতা তৈরির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এর অংশ হিসেবে ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক ছয় দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে শুধু ছয় দিন নয়, ধারাবাহিকভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করা হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা কমিটিগুলোকে এ কাজে সম্পৃক্ত করা হচ্ছে। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থারও সহযোগিতা নেওয়া হবে। পুলিশ এমনকি চৌকিদারদেরও এ কাজে সম্পৃক্ত করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছয় দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে জঙ্গিবাদবিরোধী পোস্টার, স্লোগান লিখন, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সচেতন করার জন্য জঙ্গিবাদের ভয়াবহতা তুলে প্রামাণ্যচিত্র প্রদর্শন, জঙ্গিবাদবিরোধী সাইকেল র্যালি ও লিফলেট বিতরণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, অভিভাবক, শিক্ষক, বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়, পথনাটক প্রদর্শন, তরুণ সমাবেশ ইত্যাদি। ২৬ আগস্ট কর্মসূচি শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৭ আগস্ট শনিবার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ কর্মসূচির সদস্যসচিব আবুল হাশেম, সমন্বয়কারী আমিনুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমুল হক, শৈবাল দাশ প্রমুখ।