জঙ্গিবাদ ঠেকাতে নেই দীর্ঘমেয়াদি উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষে বা জামিনে কারাগার থেকে বেরিয়ে জঙ্গিরা আবারও পুরোনো পথে ফিরে যাচ্ছে। এর কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, জঙ্গিবাদ ঠেকাতে এবং বিপথগামীদের ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছাড়া সরকারের ধারাবাহিক ও পরিকল্পিত কোনো কার্যক্রম নেই। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে জঙ্গিবাদ–বিরোধী প্রচারণার কিছু উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কতটুকু কার্যকর হয়েছে, তার কোনো মূল্যায়নও হয় না। কারাগারে বন্দী জঙ্গিদের সংশোধনের (ডির্যাডিক্যালাইজেশন) কোনো ব্যবস্থাও নেই।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত তাঁদের কাজের কৌশল হচ্ছে, জঙ্গি আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া। ধারাবাহিক অভিযান চালিয়ে জঙ্গিদের শক্তিক্ষয় করার বিষয়ে তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। যাতে তারা হামলা চালাতে না পারে।
জঙ্গিবিরোধী কার্যক্রমে যুক্ত পুলিশ-র্যাবের কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করেন, জঙ্গিবাদ প্রতিরোধের জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে কারাগার একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে গ্রেপ্তার জঙ্গিদের উগ্র মতাদর্শ থেকে বের করে আনার কর্মসূচি থাকা জরুরি। এ ছাড়া পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের অন্য প্রতিষ্ঠানগুলোর কিছু ভূমিকা রয়েছে। সেসব জায়গায়ও ঘাটতি রয়েছে।

>যারা জঙ্গিবাদের দীক্ষা নিয়েছে, তাদের সেই বিষমুক্ত করতে হবে। কারাগারে নজরদারি বাড়াতে হবে। সেখানেও জঙ্গিবাদের বীজ বোনা চলছে মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান

পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, গত এক যুগে দেড় হাজারের মতো জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এদের এক-তৃতীয়াংশই সাজা শেষে বা জামিনে বেরিয়ে গেছে। তাদের অনেকে পরবর্তী সময়ে আবারও গ্রেপ্তার হয়েছে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে। অনেকে পলাতক রয়েছে। পুলিশ খুঁজে পাচ্ছে না তাদের।
র্যাব যে সারওয়ার জাহানকে (৮ অক্টোবর র্যাবের অভিযানে নিহত) নব্য জেএমরি প্রধান বলে দাবি করছে, সেই ব্যক্তি ২০০৩ সালে জয়পুরহাটে গ্রেপ্তার হয়েছিলেন। নয় মাস চার দিন পর জামিনে বের হন। এরপর আবার জঙ্গি তৎপরতায় জড়ান এবং জেএমবির সদস্য থেকে নেতায় পরিণত হন। অর্থাৎ কারাগার থেকে বেরিয়ে আরও বড় জঙ্গি হয়েছেন তিনি।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার মামলায় চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছিলেন জেএমবি সদস্য তরিকুল ইসলাম। তিনি ২০১৩ সালে জামিনে ছাড়া পান। এরপর গত বছরের ৫ অক্টোবর রাজধানীর বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির হায়াত খানকে তাঁর খানকায় হত্যা করার অভিযোগে আবার গ্রেপ্তার হন তরিকুল। ওই বছরের ২৫ অক্টোবর তরিকুল আদালতে জবানবন্দি দিয়ে স্বীকার করেন, তিনি নিজ হাতে খিজির খানকে জবাই করেছেন। এ রকম অনেক উদাহরণ রয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সারা পৃথিবীতে জঙ্গিবাদের মতো অপরাধ দমন কার্যক্রমকে তিন পর্যায়ে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে জঙ্গি দলগুলোর নিয়োগ-প্রক্রিয়া ঠেকানো বা জঙ্গিবাদে যুক্ত হতে না দেওয়া। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা খুব কম। দ্বিতীয় পর্যায়ে থাকে যারা ইতিমধ্যেই জঙ্গিবাদে যুক্ত হয়ে পড়েছে, তাদের প্রতিরোধ করা, আইনের আওতায় আনা। এ কাজটিই মূলত পুলিশ করে থাকে। তৃতীয়ত, যারা জঙ্গিবাদের দীক্ষা নিয়েছে, তাদের ভুল মতাদর্শ থেকে ফিরিয়ে আনা (ডির্যাডিক্যালাইজেশন) ও পুনর্বাসন করা। এ ধাপেও পুলিশের ভূমিকা সীমিত। এসব কার্যক্রমে সরকারের অন্যান্য সংস্থা এবং সামাজিক সংগঠনগুলোরও ভূমিকা রাখতে হয়।
মনিরুল ইসলাম বলেন, জঙ্গিদের সম্ভাব্য হামলা ঠেকানোকেই এখন পর্যন্ত তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, পবিত্র কোরআনের কিছু আয়াতের অপব্যাখ্যা করে তারা লোকজনকে ভুল বুঝিয়ে দলে ভেড়াচ্ছে। তাদের মতাদর্শের বিপরীত আদর্শের প্রচার এত দিন সেভাবে ছিল না। এখন শুরু হয়েছে।
তবে বিশ্লেষকেরা বলছেন, জঙ্গিবাদবিরোধী সরকারের প্রচার কার্যক্রম কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
১ জুলাই গুলশান হামলা ও ৭ জুলাই শোলাকিয়ায় হামলার পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৭ জুলাই প্রথমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কয়েকটি ইংরেজিমাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মালিকদের নিয়ে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সভা করা হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পৃথকভাবে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের নিয়ে একাধিক সভা হয়।
১ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনের মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় জঙ্গিবাদবিরোধী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদবিরোধী সভা হয়। আঞ্চলিক পর্যায়েও জঙ্গিবিরোধী সচেতনতামূলক সভা করা হচ্ছে।
তার আগে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করে তাদের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়ে দেয়, যেসব শিক্ষার্থী একনাগাড়ে ১০ দিন অনুপস্থিত থাকবে, তাদের বিষয়ে প্রথমে অভিভাবকদের জানাতে হবে। প্রয়োজনে স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়কেও তা জানাতে হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পরিপত্রের এই সিদ্ধান্তটি সেভাবে কার্যকর করা যাচ্ছে না।
এর বাইরে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষক সংগঠনগুলোর উদ্যোগে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক জঙ্গিবাদবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এক লাখ আলেমের স্বাক্ষরযুক্ত জঙ্গিবাদবিরোধী ফতোয়া প্রকাশ করা হয়।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, জঙ্গিবাদ দমনের জন্য সরকার যা করছে, তা স্বল্প মেয়াদের পদক্ষেপ। দীর্ঘ মেয়াদের কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান হয়নি। তিনি বলেন, কিছু আলেমকে নিয়ে সরকার যে জঙ্গিবিরোধী প্রচার চালাচ্ছে, তা কতখানি কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ধর্মীয় যেসব বিদ্বান বা বুজুর্গ ব্যক্তিকে সবাই নির্দলীয় মনে করেন, তাঁদের এ প্রচারে যুক্ত করতে পারলে ভালো হতো। না হলে মানুষ ভাববে এসব রাজনৈতিক বক্তব্য।
কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, তাঁদের কাছে তথ্য রয়েছে, কারাগারে গিয়ে জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর আরও বেশি সুযোগ পাচ্ছে। কারাগার থেকে তারা নিজেদের পরিকল্পনা ও সংগঠন পরিচালনার বিষয়ে খুব সহজেই বাইরে বার্তা পাঠাচ্ছে।
জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারউদ্দীন আহমেদ গত মাসে প্রথম আলোকে বলেন, এ রকম অভিযোগ সত্য নয়। তিনি বলেন, সারা দেশের সবগুলো কারাগার মিলিয়ে ৭০০ জনের মতো জঙ্গি রয়েছে। এদের বেশির ভাগই নিষিদ্ধঘোষিত চারটি সংগঠনের সদস্য। এ চারটি সংগঠন হলো জেএমবি, হরকাতুল জিহাদ, হিযবুত তাহ্রীর ও আনসারুল্লাহ বাংলা টিম। এর বাইরে ছোট জঙ্গি সংগঠন যেগুলো সরকার নিষিদ্ধ ঘোষণা করেনি, সেগুলোর যেসব সদস্য কারাবন্দী রয়েছে, তাদের অন্য বন্দীদের থেকে পৃথক করে রাখা হয়। এক সংগঠনের জঙ্গিদের অন্য সংগঠনের জঙ্গিদের সঙ্গে কখনোই মিশতে দেওয়া হয় না। কারাগারে ডির্যাডিক্যালাইজেশনের কোনো ব্যবস্থা আছে কি না—জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, কারাগারে তাদের পাল্টা উদ্বুদ্ধকরণের কোনো ব্যবস্থাই নেই। পাল্টা উদ্বুদ্ধকরণের জন্য কারা কর্তৃপক্ষের পর্যাপ্ত জনবল বা দক্ষ লেক নেই। এ ছাড়া এ জন্য ধর্মীয় বিষয়ে জানা-শোনা লোক প্রয়োজন, যিনি জঙ্গিদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন, পবিত্র কোরআনের আলোকে প্রতিটি যুক্তি খণ্ডন করতে পারবেন। কিন্তু এ রকম লোক কারা কর্তৃপক্ষের কাছে নেই। তিনি বলেন, এখনই পাল্টা উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া শুরু হওয়া উচিত।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেন, যারা জঙ্গিবাদের দীক্ষা নিয়েছে, তাদের সেই বিষমুক্ত করতে হবে। সবাইকে তো আর ‘ক্রসফায়ারে’ দেওয়া যাবে না। কারাগারে নজরদারি বাড়াতে হবে। সেখানেও জঙ্গিবাদের বীজ বোনা চলছে। নিচের সারির জঙ্গিরা কারাগার থেকে জঙ্গিনেতা হয়ে বের হচ্ছে। তাদের অনুসারীও তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘এটা কোনো পুলিশিং সমস্যা নয়, ব্যাপকভিত্তিক সামাজিক সমস্যা। এটা মোকাবিলা করার জন্য বড় ধরনের কৌশলগত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা দরকার।’