২৫ জুলাই মানববন্ধন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
জঙ্গিবাদ ঠেকাতে হলগুলো বহিরাগতমুক্ত করার প্রস্তাব
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বহিরাগতমুক্ত করার প্রস্তাব করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সন্দেহভাজন এবং অপরিচিত কাউকে দেখলে সংশ্লিষ্ট প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের জানাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও হলের মসজিদে রাতে থাকার ক্ষেত্রে তাবলিগ জামাত নিষিদ্ধ করার কথাও ভাবছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে করণীয়’ শীর্ষক এক সভায় এসব প্রস্তাব ও সুপারিশ উঠে আসে। সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৫ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় সভাপতিত্ব করেন। সভায় সহ-উপাচার্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির নেতারা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, সব অফিসপ্রধানেরা, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত থাকা বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জঙ্গিবাদ দমনে হলগুলোতে নজরদারি বাড়ানোর পক্ষে সুপারিশ করেছেন অনেকেই। বহিরাগত কাউকে পাওয়া গেলে তাদের ব্যাপারে তথ্য দিতে বলেছেন প্রাধ্যক্ষরা।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, তাবলিগ জামাত যেন রাতে ক্যাম্পাসে অবস্থান না করে, সে ব্যাপারে সিদ্ধান্ত অনেক পুরোনো। সাম্প্রতিক সময়ে সেটি মনে করিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দেশনা পাঠানো হবে।
সভা সূত্র জানায়, হলে নজরদারির পাশাপাশি ক্লাসে উপস্থিতি যাঁদের হঠাৎ করে কমে গেছে, তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া, জঙ্গিবাদের বিরুদ্ধে ক্লাসের ফাঁকে ফাঁকে আলোচনা, বিশ্ববিদ্যালয় এলাকায় বাইরের পরিবহন নিয়ন্ত্রণে আনা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ভবনের প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষী বাড়ানো, তাঁদের জন্য খাকি পোশাক নির্ধারণ, ক্লোজড সার্কিট ক্যামেরা, ডিটেক্টর মেশিন বসানো, ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করা—সভায় এসব প্রস্তাবও আসে। এ ছাড়া ব্যাপকভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে সভায় জোর প্রস্তাব করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান উপাচার্য। তিনি বলেন, এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের যথাযথ দিকনির্দেশনা দিতে হবে।