জঙ্গিবাদ থেকে ফিরে এলে পুনর্বাসন করা হবে: প্রধানমন্ত্রী
বিপথগামী কেউ জঙ্গিবাদের পথ থেকে ফিরে এলে তার জন্য সরকার আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সংসদে কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
টেবিলে উত্থাপিত এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ হুমকি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সফল অভিযানে শীর্ষস্থানীয় জঙ্গিনেতাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য গ্রেপ্তার ও নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এসব অভিযানের ফলে বর্তমানে জঙ্গি তৎপরতা বহুলাংশে নিয়ন্ত্রণে আছে। এই সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জঙ্গিবাদবিরোধী ব্যাপক প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানো সম্ভব হয়েছে। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এদের মোটিভেশন ও সহযোগিতার মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন সন্দেহভাজন নিখোঁজ ব্যক্তি এবং পলাতক জঙ্গিদের সঠিক তালিকা প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত আছে। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। অনেকে তাদের ঘরে ফিরে এসেছে। জঙ্গি সংগঠনগুলোর অনলাইনভিত্তিক প্রচারণার দিকে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে। জনগণের মধ্যে যাতে জঙ্গিবাদী মতাদর্শের বিস্তার না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে। জঙ্গিবাদ দমনের অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষা শেষে বেরিয়ে আসা ছাত্রদের কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে নিজেদের মেধা কাজে লাগানোর বিষয়টি সরকারের বিবেচনায় আছে।