জঙ্গিবাদ থেকে শিশুদের দূরে রাখতে হবে: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সুব্রত সাহা বাপী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সুব্রত সাহা বাপী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক থেকে শিশুদের দূরে রাখতে হবে। তাহলে শিশুরা নিরাপদ জীবন পাবে। শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে।
আজ সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী। সেখানে জাতীয় শিশু দিবসের সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাবলিক প্লাজায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন এই জাতীয় শিশু সমাবেশের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ‘আমরা সেই বাংলাদেশ চাই যেখানে রাসেলের মতো কোনো শিশুকে জীবন দিতে হবে না। প্রতিটি শিশু যেন একটি নিরাপদ ও সুন্দর জীবন পায়। কোনো শিশু না খেয়ে থাকবে না। কোনো শিশু নিরক্ষর থাকবে না। প্রতিটি শিশু লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে—এটাই আমাদের লক্ষ্য।’
শেখ হাসিনা উপস্থিত শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এসএসসি পর্যন্ত বিনা পয়সায় সরকার বই বিতরণ করছে। এবারও হরতাল-অবরোধ থাকা সত্ত্বেও ৩০ কোটি বই দেওয়া হয়েছে। এবার প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু করতে যাচ্ছি। এ জন্য পৃথক বই ছাপানো হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পর এবার প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ফান্ড থেকে ডিগ্রি পর্যন্ত এক লাখ ৩৩ হাজার ছাত্রীকে আমরা বৃত্তি দেওয়া শুরু করেছি। পর্যায়ক্রমে ছাত্রছাত্রী উভয়কেই এই বৃত্তি দেওয়া হবে।’
শিশুদের মধ্যে লুকিয়ে থাকা মেধা ও মননের বিকাশ ঘটাতে আন্তস্কুল ফুটবল আন্তজেলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে শিশুদের মধ্যে লুকিয়ে থাকা মেধা ও মননের বিকাশ ঘটাতে চাই। সে লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে।’
সমাবেশে শিশু লুবাইনা রুবাবা সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন আরেক শিশু শাহরিয়ার আলম। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। দুই শিশু সামিয়া রহমান ও সৌরভ পাল অনুষ্ঠান সঞ্চালনা করে। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী ১৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ, ঢাকার গোপালগঞ্জ সমিতির উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেন।
এরপর মঞ্চ ছেড়ে দর্শক সারিতে গিয়ে বসে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি গীতি-কাব্য-নাট্যানুষ্ঠানসহ শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি সমাধিসৌধ চত্বরে দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা ৩২ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সঙ্গে নিয়ে জাতির জনকের সমাধিসৌধে যান। ১০টা ৩৪ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি দল রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানায়। পতাকা উত্তোলন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন।
সেখানে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান, শাজাহান খানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।