জঙ্গিবাদ দমনে চাই জনমত গঠন: অধ্যাপক আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘জনমত গঠন করে মানুষকে সক্রিয় করে তুলে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি।’ একই সঙ্গে শিক্ষাব্যবস্থার পরিবর্তনের মাধ্যমেও এ কাজ সম্ভব বলে তিনি মনে করেন। ‘জঙ্গি-সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অধ্যাপক আনিসুজ্জামান আজ এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ওয়্যার ক্রাইম ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমাদের দেশ আজ এক নতুন সংকটের মুখে। সেটা হচ্ছে—সাম্প্রদায়িকতার প্রত্যাবর্তন ও জঙ্গিবাদের উত্থান। একে প্রতিরোধ করতে না পারলে বাংলাদেশ নামে থাকবে, তবে প্রকৃত বাংলাদেশ থাকবে না। তিনি বলেন, সমাজ আজ একাত্তরের মতো ঐক্যবদ্ধ নয়। এ অবস্থায় সামাজিক প্রতিরোধ কতটুকু করা সম্ভব, সেটাও দেখার বিষয়।
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে সামাজিক প্রতিরোধের প্রস্তাব ভালো, তবে তা সময়সাপেক্ষ। এর পাশাপাশি তিনি জনমত গঠন করে মানুষকে সক্রিয় করে তোলার পরামর্শ দেন।
গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক এম এ হাসান। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, সাংবাদিক নাসির আহমেদ, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশিদ প্রমুখ। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন।