সরকার জঙ্গিবাদ দমন করবে—এ কথা ভেবে বসে থাকার সুযোগ নেই। কারণ জঙ্গিরা অবৈধ অর্থ ও গোপন অস্ত্রের বলে বলীয়ান। তাদের ঠেকাতে হলে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করতে হবে।গতকাল শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে অংশ নেওয়া রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করারও দাবি জানান।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীরা বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দেশে-বিদেশে মিথ্যাচার চালাচ্ছে। তিনি সম্প্রতি যুক্তরাজ্যে গিয়ে এ ধরনের আলামত দেখেছেন। এ অবস্থায় তিনি যুদ্ধাপরাধীদের মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়া ও বিএনপি মনে মনে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধী। তারা মুখে বলতে পারছে না। তাই দ্রব্যমূল্য ও বিদ্যুৎ-সমস্যাকে ইস্যু করে ওই বিচার ঠেকানোর চেষ্টা করছে।মঞ্চের সমন্বয়ক অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সাংসদ রাশেদ খান মেনন, অর্থনীতিবিদ আবুল বারকাত, পাকিস্তানের লেবার দলের ফারুক তারেক, আগরতলা ডিফেন্স কলেজের অধ্যাপক দেবব্রত গোস্বামী প্রমুখ।অধ্যাপক কবীর চৌধুরী বলেন, জঙ্গি সংগঠনগুলো ব্যাংক, চিকিৎসাকেন্দ্র ও মাদ্রাসার মতো কিছু ছদ্মবেশী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। তাদের অর্থের উৎস বন্ধ করতে হবে। তিনি মৌলবাদী চেতনা বিস্তার রোধে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার পরামর্শ দেন।অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রাষ্ট্র জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে—এই ভেবে বসে থাকা যাবে না। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।রাশেদ খান মেনন বলেন, জামায়াতে ইসলামী গ্রামে গ্রামে তৎপর। কিন্তু প্রগতিশীলেরা যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে জনগণকে পুরোপুরি সম্পৃক্ত করতে পারেনি। এখন সময় এসেছে সারা দেশের মানুষকে সম্পৃক্ত করার।ফারুক তারেক বলেন, পাকিস্তানে যা হচ্ছে তা বাংলাদেশেও করার চেষ্টা করছে জঙ্গি ও মৌলবাদীরা। তিনি বলেন, ‘পাকিস্তানি যেসব সেনা কর্মকর্তা একাত্তর সালে এ দেশের হাজার হাজার মানুষ হত্যা করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। আমরা জানি জামায়াত, আলশামস ও আলবদর বাহিনী একাত্তর সালে কী করেছে। এদের বিচারের আওতায় আনা হলে পাকিস্তানের সাধারণ মানুষও খুশি হবে।’আবুল বারকাত বলেন, মৌলবাদের অর্থনীতির মাধ্যমে বছরে দেড় হাজার কোটি টাকা মুনাফা হচ্ছে। জামায়াত এই অর্থনীতির নিয়ন্ত্রক। এই টাকার ২০ শতাংশ জঙ্গিবাদে ব্যবহূত হচ্ছে বলে তিনি দাবি করেন।