জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ও যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম ব্যুরো যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম ব্যুরোর একটি প্রতিনিধিদল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় যৌথভাবে কাজ করার সিদ্ধান্তটি নেওয়া হয়। প্রতিনিধিদল জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করে। তারা এ ক্ষেত্রে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেয়।
যুক্তরাষ্ট্রের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন কাউন্টার টেররিজম ব্যুরোর উপসমন্বয়ক মেরি রিচার্ডস। প্রতিনিধিদল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জঙ্গিবাদ প্রসারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয়।
পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাতের সময় আইজিপি জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি জঙ্গিবাদ প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ঢাকার মার্কিন দূতাবাসের ভূমিকার প্রশংসা করেন। এ ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার জন্য তিনি প্রতিনিধিদলকে অনুরোধ জানান।
এ সময় বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (অপারেশনস) মাহবুবুর রহমান, উপমহাপরিদর্শক (ক্রাইম) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত উপমহাপরিদর্শক (স্পেশাল ক্রাইম) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী মহাপরিদর্শক (গোপনীয়) মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।