
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে এ দেশের বিভিন্ন বাহিনীর পাশাপাশি জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। তিনি এখন বিশ্বের নন্দিত নেতা। জাদু নয়, তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে।
গতকাল শনিবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের আনোয়ারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ারায় নতুন ফায়ার সার্ভিস স্টেশন সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল বলেন, ফায়ার সার্ভিস এখন শুধু আগুন নিয়ন্ত্রণই নয়, পাহাড়ধস, নৌকাডুবিসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে। এখন দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল জলিল ও সরকারের যুগ্ম সচিব এবং দেশের ৭৮টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুর রাজ্জাক।
আনোয়ারায় ইয়াবা ব্যবসা ও পাচার সম্পর্কে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আনোয়ারায় ইয়াবা মহামারি আকার ধারণ করেছে। যেকোনো কিছুর বিনিময়ে এটি প্রতিহত করার এখনই সময়।
মাদক প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক মানুষকে শেষ করে দেয়। তাই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। যেকোনোভাবেই মাদকের হাত থেকে দেশ ও যুব সমাজকে বাঁচাতে হবে।
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ফায়ার সার্ভিস এখন বহুমুখী কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন সব ধরনের দুর্ঘটনায় দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে।