জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সব সাহায্য দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ মনে করেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, তা অভাবিত। ‘উন্নয়নের মডেল’ হিসেবে স্বীকৃত এই দেশকে উগ্র জঙ্গিবাদের মতো সমস্যা এড়াতে সর্বতো সাহায্য দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। সেই লক্ষ্যে তারা ইতিমধ্যে একযোগে কাজ করে যাচ্ছে।
গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘জঙ্গিবাদ ঠেকাতে বাংলাদেশ কী করতে পারে?’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে মনপ্রিত সিং আনন্দ এ মন্তব্য করেন।
মনপ্রিত সিং বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জন এককথায় “তুলনাহীন”। যেহেতু বাংলাদেশের ব্যাপারে আমরা এতটা আশাবাদী, তাই বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থানে যুক্তরাষ্ট্র এতটা উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণ ও সরকারকে এই পরিস্থিতি মোকাবিলায় সব রকম সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।’ তিনি বলেন, দুই সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। গত সপ্তাহে জঙ্গিদের হাতে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন সাবেক কর্মচারী ও তাঁর বন্ধুকে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশকে কীভাবে সাহায্য করা যায়, সে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। সে আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ইতিমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেছেন।’ গতকাল বুধবার নিশা ঢাকায় এসেছেন।
উগ্র জঙ্গিবাদের কারণ চিহ্নিত করার বদলে ব্যক্তিস্বাধীনতা সংকুচিত করা বা রাজনৈতিক প্রতিপক্ষকে দোষী সাব্যস্ত করার যেকোনো প্রবণতা অনুসরণের বিরুদ্ধে মত দেন মনপ্রিত সিং। তিনি বলেন, ‘সহিংস কর্মকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ব্যক্তিস্বাধীনতা, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা অত্যন্ত জরুরি।’
আলোচনায় অংশ নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক সামিনা আহমেদ বলেন, পাকিস্তান ও আফগানিস্তানে উগ্র জঙ্গিবাদ যে পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশ সেখান থেকে অনেক দূরে। তবে উগ্রবাদ যাতে শেকড় না গাড়তে পারে, সে জন্য এখন থেকেই সচেতন থাকতে হবে। তাঁর মতে, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের অব্যাহত দ্বন্দ্ব যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে, জঙ্গিবাদের বিস্তারে তা সহায়ক। বিরোধী বিএনপি এত দিন সরকার পতনের যে এক দফা অ্যাজেন্ডা অনুসরণ করে আসছিল, তা থেকে সরে আসছে। একে স্বাগত জানিয়ে সামিনা আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের উচিত হবে ‘রাজনৈতিক উপশমে’ উদ্যোগী হওয়া। সে লক্ষ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
সামিনা আহমেদ বলেন, বাণিজ্যিক অগ্রাধিকার ব্যবস্থা (জিএসপি) প্রদানের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে শর্তারোপ করেছে, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র অনুরূপ শর্তারোপ করতে পারে।
আলোচনার অন্যতম বক্তা ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত ১৪ মাসে উগ্র জঙ্গিবাদীদের হাতে আক্রমণের সংখ্যা, তাঁর হিসাব অনুসারে ৩৫, যা সরকারি হিসাবের চেয়ে বেশি। তিনি বলেন, এই সময়ের মধ্যে জঙ্গিবাদের ব্যাপারে সরকারের অবস্থান পরিবর্তিত হয়েছে।
আলোচনা শেষে প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘জঙ্গিবাদ প্রতিহত করতে হলে একদিকে যেমন চাই সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টা শক্তিশালী করা, তেমনি দরকার সন্ত্রাসবাদের বিস্তৃতিতে সহায়ক পরিস্থিতির মোকাবিলা।’