নর্থ সাউথে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা
জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার ওপর আস্থা রাখুন: তথ্যমন্ত্রী
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘দেশকে আমাদের আরেকটি ধাপে তুলতে হবে, যেখানে শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে। বৈষম্য থাকবে না, দলবাজি থাকবে না।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ‘জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা’র যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিবাদ ছাত্রকে শিক্ষকদের কাছ থেকে আর ছেলেকে মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে। এটা গায়ককে সংগীত থেকে, খেলোয়াড়কে খেলার মাঠ থেকে বিচ্ছিন্ন করে।’ তিনি বলেন, ‘সাপকে মারতে হবে। সাপের বাচ্চাকে মারতে হবে। সাপের ডিমকে ধ্বংস করে দিতে হবে এবং মা সাপটাকেও ধ্বংস করে দিতে হবে। এর কোনো বিকল্প নেই।’
জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক আবেদ খান বলেন, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ। এই দেশে স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে। যে জাতির বিজয় দিবস থাকে, তাদের পরাজয় হবে না।
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর বলেন, ‘অনেক সময় অন্যের মতের সঙ্গে না-ও মিলতে পারে। তাই বলে তাদের হত্যা করব?’ তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিমুদ্দিন আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ।