জঙ্গিবাদ দমনে সরকার অতি কঠোর অবস্থান নেবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার এই দানবকে নির্মূল করতে অতি কঠোর ব্যবস্থা নেবে।
গতকাল রোববার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ওই কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো পর্যালোচনার সময় এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে প্রয়োজনে আমরা অতি কঠোর অবস্থান নেব। আমাদের অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য দানবদের বিরুদ্ধেও লড়াই করতে হবে।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা যাবে না এবং যুদ্ধাপরাধীদের বিচারও বন্ধ করা যাবে না। কারণ, জনগণ সব সময় এই দুই দানবের বিরুদ্ধে রয়েছে।
প্রধানমন্ত্রী দেশের মানুষকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ব্যাপারে সব সময় সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সম্পর্কে আমাদের জনগণকে সতর্ক করতে হবে এবং সামাজিক এই দুষ্কর্মকে মোকাবিলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’
প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেন, এই অপরাধীদের বিরুদ্ধে মসজিদ থেকে নিয়মিতভাবে বক্তব্য দিতে হবে।
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বহু দেশে এখন এ ধরনের হামলা হচ্ছে। এটা এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, জাপান, ভারত ও অন্যান্য দেশে জঙ্গি হামলার ঘটনার কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যখন প্রতিটি ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বপরিমণ্ডলে রোল মডেল (অনুসরণীয় আদর্শ) হিসেবে আবির্ভূত হয়েছে, তখনই দেশের ভাবমূর্তি নস্যাৎ করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কতিপয় ব্যক্তি ধর্মীয় অনুশীলনের পথ থেকে দূরে সরে গিয়ে মানুষ হত্যা করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভাবতে পারছি না যে কোনো শিক্ষিত লোক ধর্মান্ধ হতে পারে।’
কোনো শিক্ষার্থী নিখোঁজ হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক শিক্ষকদের খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।
গুলশানের রেস্তোরাঁয় সফল কমান্ডো অভিযান পরিচালনার জন্য সরকারের প্রশংসা না করায় কতিপয় গণমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা বরং এ ক্ষেত্রে সরকারের নিন্দা করছে। তিনি বলেন, সেনা, নৌ ও বিমান এবং পুলিশ, বিজিবি, র্যা ব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত কমান্ডোরা হলি আর্টিজান বেকারিতে ক্ষিপ্রতার সঙ্গে সফল অভিযান পরিচালনা করে এবং বিদেশি নাগরিকসহ ১৩ ব্যক্তিকে উদ্ধার করে। সফল কমান্ডো অভিযান পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, এ দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বীজ বপন করেছে বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। তিনি বলেন, ‘আমি একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা হওয়া সত্ত্বেও এহেন নির্মম হামলা চালানো হয়েছে আমার ওপর।’
শেখ হাসিনা দেশের বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে সরকারের নানা সাফল্য তুলে ধরে বলেন, সরকারের নীতি ও দৃঢ়সংকল্পের কারণে এসব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী পিএমওর আওতায় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা ও মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।