জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আগামী সাত দিনের মধ্যে চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এই কমিটিতে কাউন্সিলর, মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদের ইমাম, সমাজসেবক ও নারীদের প্রতিনিধিত্ব থাকবে বলে জানান তিনি।
তবে এই কমিটিতে বিএনপির কোনো নেতা-কর্মী থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি জেলা প্রশাসক।
ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন নিয়ে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সভায় সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে প্রথম ১০টি ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, মসজিদের ইমামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটির সদস্যসংখ্যা ওয়ার্ডের আয়তন অনুযায়ী ৪১ থেকে ১০১ জনের মধ্যে রাখতে বলেছেন জেলা প্রশাসক।
সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ২০১৩ সালে বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে ওয়ার্ডগুলোতে সন্ত্রাসবিরোধী কমিটি করা হয়েছিল। কিন্তু সেটি একধরনের ‘নামকাওয়াস্তে’ কমিটি ছিল। সে কারণে এখন প্রতিটি ওয়ার্ডে কমিটি পুনর্গঠন করতে সরকারের নীতিনির্ধারণী মহল থেকে নির্দেশনা এসেছে। কমিটির তালিকা হাতে পাওয়ার পর বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মতামত নেওয়া হবে। তালিকায় কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকতে হবে। যাচাই-বাছাই শেষে এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। কমিটির মূল কাজ হবে স্থানীয় পর্যায়ের জঙ্গিবাদী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়া।
সভায় মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, বাম দলের প্রতিনিধি রাখার কথা বলেন জেলা প্রশাসক। সভা শেষে সাংবাদিকেরা কমিটিতে বিএনপির প্রতিনিধি রাখার বিষয়ে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা কমিটিতে থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, নিছার উদ্দিন আহমেদ, কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ, মোবারক আলী, মো. জহুরুল আলম, আবিদা আজাদ, জেসমিন পারভিন, নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রমুখ।