
সন্ত্রাসবাদ নির্মূলে হাতে হাত মিলিয়ে সমন্বিত প্রচারণা চালানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি এই কাজে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান।
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সৌদি আরবের বাদশাহর প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের যেকোনো পদক্ষেপে বাংলাদেশ সৌদি আরবের পাশে আছে এবং একসঙ্গে কাজ করবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় এক ওলামা-মাশায়েখ সম্মেলনে শেখ হাসিনা এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘সৌদি বাদশাহ যে উদ্যোগ নিয়েছেন, সেখানে থেকে যাতে পবিত্র ধর্ম ইসলামের শান্তি আসে, তাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, তারা যেন শান্তির পথে ফিরে আসে সে জন্য আমরা আগেও বলেছি, তাঁর পাশে আছি এবং থাকব।’
এ সম্মেলনে সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম এবং মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আবদুল মোহসিন বিন মোহাম্মদ বিন আবদুল রহমান আল কাশেম উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে যে কয়েকটি দেশ সফল হয়েছে, বাংলাদেশ এদের একটি।
ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এই ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি প্রমুখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একটা মহল থেকে পবিত্র ধর্মকে কলুষিত করার জন্য চক্রান্ত চলছে। তিনি বলেন, এই যে সন্ত্রাস, জঙ্গিবাদ তাতে লাভবান হয় কারা? যারা অস্ত্র তৈরি করে, বিক্রি করে, তারা লাভবান হয়। মুসলমানদের রক্তের বিনিময়ে অন্যরা লাভবান হচ্ছে—এটা কী ধরনের কথা?
শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ আমাদের দেশের সমস্যা নয়। এটা সারা বিশ্বের সমস্যা। আমি সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি যে উদ্যোগ নিয়েছেন, বিশ্বের যারা শান্তিতে বিশ্বাস করে তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস দমনে ভূমিকা রেখে যাচ্ছেন। এটাই বলতে চাই, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য বাংলাদেশ সব সময় সৌদি বাদশাহর পাশে থাকবে এবং এক হয়ে কাজ করবে। আমি মনে করি, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছি, তা আরও শক্তভাবে কার্যকর করতে পারব। যারা আন্তর্জাতিক বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, বাংলাদেশ তাদের পাশে থাকবে।’
শেখ হাসিনা সম্মেলনে উপস্থিত ওলামা-মাশায়েখ, মসজিদের ইমাম-খতিবদের উদ্দেশে বলেন, ‘এখানে সৌদি আরবের যে দুজন মেহমান এসেছেন তাঁদের বক্তব্য জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, তা আরও সুদৃঢ় করবে। আপনারা যাঁরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁরা যে মূল্যবান বক্তব্য রেখেছেন, তাও শুনে গেলেন। সমাজের ওলামা-মাশায়েখ ও অভিভাবকসহ সকলেই ইসলাম ধর্মের এই শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দেবেন।’

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর-পরবর্তী সরকারগুলো কেবল ধর্ম নিয়ে ব্যবসা করেছে, কিন্তু ইসলামের উন্নয়ন ও প্রসারে কিছুই করে যায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ইসলাম থাকবে না, পঁচাত্তরের পরে যারা ক্ষমতায় এসেছিল তারা এ ধরনের অপপ্রচার করেছে। কিন্তু ক্ষমতায় এসে তারা মদের লাইসেন্স দিয়েছিল।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের এই ভূখণ্ডে প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। ইসলামের যে ধর্মীয় শিক্ষা সেটা আমাদের পালন করতে হবে। অন্য ধর্মের মানুষ এখানে বাস করে, তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। যেন সবাই সবার ধর্ম পালন করতে পারে। আমাদের নবী করিম (সা.) এটাই আমাদের শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনেই বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন।’
মসজিদুল হারাম এবং মসজিদে নববি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম বলেন, ‘নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা ইসলামে বড় অপরাধ। কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। এমনকি নিরপরাধ বিধর্মীকেও হত্যা করা যাবে না। মুসলিম দেশে বসবাসকারী বিধর্মীদের জানমাল রক্ষার দায়িত্ব মুসলমানের।’ তিনি বলেন, ইসলাম হচ্ছে বিশ্বের সব মানুষের বড় মানবতার ধর্ম। যারা দেশে শান্তি বিনষ্ট করতে চায় তাদের স্থান হবে জাহান্নামে। সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িত ব্যক্তিরা জাহান্নামে যাবে।
মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম বলেন, সন্ত্রাসের সঙ্গে কোনো মাদ্রাসা নেই। কোনো প্রশিক্ষণও দেওয়া হয় না। যারা এটা করে, সেসব মাদ্রাসা ইসলামি হতে পারে না। যারা ইসলামের নামে সন্ত্রাস করছে, তাদের মুখোশ উন্মোচনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। তারা সারা বিশ্বে নাস্তানাবুদ হবে। তিনি বাংলাদেশের প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে যেসব দেশ সফল হয়েছে, তার মধ্যে বাংলাদেশ আছে।
মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আবদুল মোহসিন বিন মোহাম্মদ বিন আবদুল রহমান আল কাশেম তাঁর বক্তৃতায় বলেন, ইসলামের সঠিক চেহারা প্রকাশ করতে এই সম্মেলন সহায়ক হবে। তিনি বলেন, ইসলাম হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত একটা ধর্ম। এটি সব মানুষের ধর্ম। ইসলাম বিশ্বের সবচেয়ে বড় মানবতার ধর্ম। যিনি দেশ পরিচালনা করছেন, সবাই একত্র হয়ে তাঁর হাত মজবুত করার কথাও ইসলামে বলা হয়েছে। যারা দেশের শান্তি বিনষ্ট করতে চায়, তাদের স্থান হবে জাহান্নামে।
সৌদি আরব থেকে আসা এই দুজন আরবিতে বক্তৃতা করেন। তা বাংলায় তরজমা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেন, মসজিদ-মাদ্রাসার জন্য শেখ হাসিনা ১১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আর জামায়াত-শিবির কোরআন-হাদিস বিকৃত করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই।
দেশের সব জেলা থেকেই আলেম-ইমামেরা ইসলামিক ফাউন্ডেশনের এই সম্মেলনে যোগ দেন। বেলা তিনটায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে সকালেই ঢাকায় পৌঁছান তাঁরা। সম্মেলনস্থলের বিরাট প্যান্ডেল ভরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে মানুষ অবস্থান নেন। অনেকে বলেন, তাঁরা মক্কা-মদিনার খতিবের বক্তব্য শোনার জন্য এসেছেন।
রাজধানীর ২৫টি স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়ে আগের দিনই নগরবাসীকে সতর্ক করেছিল ঢাকা মহানগর পুলিশ। ফলে গতকাল রাজধানীতে বাস, কারসহ অন্য যানবাহন কিছুটা কম ছিল। নগরের বিভিন্ন স্থানে মানুষজনকে বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।
সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে ও নগরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি ছিল। নিরাপত্তার জন্য উদ্যানের চারদিকে প্রায় ছয় হাজার পুলিশ মোতায়েন করা হয়। ছিল র্যাব ও বিজিবির টহল। সম্মেলনস্থলে কেবল ইসলামিক ফাউন্ডেশনের আমন্ত্রণপত্র বা পাস পাওয়া ব্যক্তিদের প্রবেশের সুযোগ দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ হাইকোর্টের দক্ষিণ দিকের ফটক ও মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় পর্যন্ত সড়কে ব্যারিকেড বসিয়ে রাস্তা বন্ধ করে দেয়। গুলিস্তানগামী যানের জন্য শাহবাগ থেকে মৎস্য ভবনের মোড়ের এক পাশের সড়ক খোলা রাখা হলেও বেলা দুইটার পর সেটিও বন্ধ করে দেওয়া হয়। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে যাওয়া সড়কটি সকাল থেকে বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টার পর হাইকোর্টের দক্ষিণ দিকের সড়কের এক পাশ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালগামী সীমিত কিছু যান চলাচল করতে দেওয়া হয়। সম্মেলন চলার সময় দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনের সড়ক পুলিশ বন্ধ করে দেয়। ফলে আলেম-ওলামাদের অনেকটা পথ হেঁটে সম্মেলনস্থলে আসতে হয়।