জঙ্গিবাদ দমনের গুরুত্বপূর্ণ এক হাতিয়ার চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ দমনে সবার ঐক্য দরকার। আর সেই ঐক্যকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে চলচ্চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। রাজশাহী ফিল্ম সোসাইটি ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি যৌথভাবে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জঙ্গিবাদও খারাপ, জঙ্গিদের সঙ্গীরাও খারাপ। জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতারাও খারাপ। সুতরাং জঙ্গিবাদকে ছাড় দিতে না চাইলে জঙ্গিদের সঙ্গীদেরও একচুল ছাড় দেওয়া যাবে না। তাই চলচ্চিত্রে শুধু জঙ্গিদের কর্মকাণ্ড তুলে ধরলে হবে না, জঙ্গিদের সঙ্গীদেরও কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

স্বাগত বক্তব্য দেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন। সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি এফ এম এ জাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জঙ্গিবাদবিরোধী প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়।