জঙ্গিবাদ দমনের জন্য জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে হলে সবার আগে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে।

গতকাল শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক সেমিনারে বক্তারা এই মত দেন। তাঁরা এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘বাংলাদেশের জামায়াত ও জঙ্গিদের দক্ষিণ এশীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের সভাপতি উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেন, দাবি আদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জামায়াত যখন মানুষ পুড়িয়ে হত্যা করেছে, যখন বোমা মেরেছে, ৫ মে যখন হেফাজত তাণ্ডব চালিয়েছে, তখন অনেকেই কোনো অপরাধ খুঁজে পায় না। কিন্তু নির্বাচনে জামায়াত আর তাদের দোসররা না এলেই তারা শোরগোল তোলে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আর স্বাধীনতাবিরোধী শত্রুরা তাদের কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের কাজ ঠিকমতো করতে পারছি না। এ জন্য জনমত গঠন করতে হবে। সরকারকেও সচেতন হতে হবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি দেশে জঙ্গিবাদ দমনের জন্য সবার আগে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

শাহরিয়ার কবির বলেন, আগে ধারণা করা হতো শুধু পাকিস্তান বা মধ্যপ্রাচ্য থেকেই জামায়াত টাকা পায়। এখন দেখা যাচ্ছে জামায়াতকে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ভারতের সারদা গ্রুপ হাজার কোটি টাকা দিয়েছিল। যে ইমরানের (ভারতের তৃণমূল কংগ্রেসের সাংসদ) বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ভারতে জামায়াত-শিবিরের নেতা ছিলেন।

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি মুনতাসীর মামুন বলেন, জামায়াত-শিবিরের যে নেটওয়ার্ক সেটি কেবল নিরাপত্তা বাহিনী দিয়ে দমন করা যাবে না। সেটি করতে হলে মনোজগতে পরিবর্তন আনতে হবে। আর সে জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। এ কারণে মুক্তিযুদ্ধ বিষয়ে ১০০ নম্বরের একটি কোর্স চালু করতে হবে সর্বস্তরে।

মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, ইসলামি যতগুলো দল সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সবার জন্ম জামায়াতের গর্ভ থেকে।

নির্মূল কমিটির আইন সম্পাদক তুরিন আফরোজ বলেন, জামায়াত দেশব্যাপী যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাতে যেকোনো সময় তাদের নিষিদ্ধ করা যায়। কিন্তু যখনি জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলা হয়, তখন কী যেন হয়।

নির্মূল কমিটির নির্বাহী সদস্য তানিয়া আমীরও মনে করেন, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনেই জামায়াতকে যেকোনো সময় নিষিদ্ধ করা যায়।