জঙ্গিবাদ, দুর্নীতি ও দলবাজির বিষয়ে গণমাধ্যমের কেউ সরব, কেউ নীরব : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ, দুর্নীতি ও দলবাজি—এই তিনটি প্রশ্নে গণমাধ্যমের কেউ সরব, কেউ নীরব। যাঁরা নীরবতা পালন করেন, তাঁরা সত্ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছেন না।
আজ বুধবার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত প্রয়াত বরেণ্য সাংবাদিক এবিএম মূসার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে এবিএম মূসাকে শ্রদ্ধা জানানো যায় বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। পিআইবি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি বলেন, ‘জঙ্গিবাদ, দুর্নীতি ও দলবাজি প্রসঙ্গে সাংবাদিকেরা সমালোচনামুখর। কিন্তু এর দোসর নেতা-নেত্রী সম্পর্কে নীরবতা পালন করেন। আমি মনে করি, এটা নৈতিকতা-বর্জিত বস্তুনিষ্ঠহীন সাংবাদিকতা। এ বিষয়ে বিভক্ত গণমাধ্যম গণতন্ত্রের জন্য একটা বড় দুর্বলতা।’
সাংবাদিকদের দলীয় রাজনীতির বাইরে থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুখ দেখে, দল দেখে সাংবাদিকতা হয় না। সাংবাদিক যিনি, তিনি নেতা-নেত্রীর লেজুড়বৃত্তি করবেন না। যাঁরা করেন, তাঁদের বলব নেতা-কর্মীদের লেজুড়বৃত্তি ছেড়ে দলে যোগ দিন। তা হলে গণমাধ্যমও রক্ষা পাবে, আর রাজনীতির জন্যও মঙ্গল হবে।
সভায় গণমাধ্যম শক্তিশালী করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। তিনি বলেন, ‘এবিএম মূসা মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন। বঞ্চিতদের অধিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। মূসা ভাইকে স্মরণ করতে হলে সাংবাদিকদের সাহসী হওয়া ছাড়া পথ নেই।’
পিআইবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে এই স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল।