জঙ্গিবাদ ধর্মীয় চেতনা নয়, রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা l প্রথম আলো
পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা l প্রথম আলো

জঙ্গিবাদ কোনো ধর্মীয় চেতনা নয়। এটা একটা রাজনীতি। তাকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে। এ জন্য সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে।
ইলা মিত্র শিল্পী সংঘের পঞ্চম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা কথাগুলো বলেছেন। তিনি আরও বলেন, ‘সমাজ যখন নষ্ট হতে চলেছে, তখন ইলা মিত্রকে স্মরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যে চেতনা নিয়ে আমরা বাংলাদেশে উঠে দাঁড়িয়েছিলাম, সেই চেতনাকে ধ্বংস করতে দেওয়া যাবে না। আমরা অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। সরকার ধর্মনিরপেক্ষ না হলে সেখানে কোনো ধর্মই নিরাপদ থাকে না।’
গতকাল শুক্রবার বিকেলে নগরের মিয়াপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী সাধারণ গ্রন্থাগারে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‘আসবে পথে আঁধার নেমে, তাই বলেই কি রইবি থেমে’ শীর্ষক এ সম্মেলন জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অধ্যাপক শিশির ভট্টাচার্য্য।
ইলা মিত্র শিল্পী সংঘের সভাপতি তাপস মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মনিরা রহমান ও রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকার এস এম আবু বকর।
মলয় ভৌমিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মুক্তচিন্তার জায়গা, যেখানে জ্ঞান সৃজন করা হয়। আমাদের নষ্ট রাজনীতি আমাদের শিক্ষা ও সংস্কৃতিকে নষ্ট করে ফেলেছে। এই পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রকৃত শিক্ষা ও সংস্কৃতির কাছেই ফিরে যেতে হবে।’
মনিরা রহমান বলেন, ইলা মিত্র একজন ক্রীড়াবিদ ছিলেন। তাঁর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের জন্য আন্দোলন করেও সম্ভব হয়নি। তিনি রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম ‘ইলা মিত্র মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ করার প্রস্তাব করেন।