জঙ্গিবাদ নির্মূলে আরও কঠোর হওয়ার আহ্বান
জঙ্গিবাদের দানবীয় শক্তি নির্মূল করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সমস্যা সমাধানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সন্ত্রাসবাদ, নৈতিকতা ও যুদ্ধাপরাধীদের বিচার: জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়। সম্মিলিত নাগরিক সমাজ এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক সমাজের চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, বর্তমানে দেশে যে সংকট চলছে, তার সমাধানে সরকারকে আরও তৎপর হতে হবে। যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, সেটিকে জোরদার করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক শক্তিগুলোকেও মাঠে নামতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, শক্তিকে শক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। জঙ্গিবাদকেও সেভাবেই শক্তভাবে মোকাবিলা করতে হবে। তবে শুধু অস্ত্রের নয়, মানুষেরও শক্তি আছে। সেটিকে কাজে লাগাতে হবে। সাংবাদিক আবেদ খান বলেন, সেনাবাহিনীর সাবেক একজন মেজর, যিনি এই জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাঁকে কেন এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে। যেসব জঙ্গি ঘটনা ঘটছে, সেগুলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। কাজেই শুধু কথা না বলে যথাযথভাবে সমস্যার সমাধান করতে হবে। সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, ধর্মের নামে একের পর এক হত্যা চলছে। নাগরিক সমাজকে এখন ১৯৭১-এর মতোই জেগে উঠতে হবে। শুধু নাগরিক সমাজ নয়, বুদ্ধিজীবীদেরও এগিয়ে আসতে হবে। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ বলেন, ‘উদ্বিগ্ন মানুষ ভাবছে সরকার ব্যবস্থা নেবে। সরকার ভাবছে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু রাজনৈতিক দলগুলো কেন ভাবছে না মাঠে নেমে সামাজিকভাবে জঙ্গিবাদকে প্রতিহত করা সম্ভব?’
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ।