জঙ্গিবাদ নির্মূলে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করতে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার চট্টগ্রামে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তাঁরা।
নগরের এলজিইডি মিলনায়তনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ দমন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিয়ন কমান্ড। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন। সমাবেশে জেলার ১৪টি উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জঙ্গিবাদ সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। দেশের জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সারা দেশে এখন সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী গণজাগরণ সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, দেশ উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে। দেশের অগ্রগতিকে যারা রুখে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, চট্টগ্রাম চেম্বারে পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।