জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা বলেছেন, বাংলাদেশ এখনো ঔপনিবেশিক রাজনৈতিক ধারায় ঘুরপাক খাচ্ছে। এর ফলে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এ দেশে গেড়ে বসেছে। এই রাজনৈতিক ধারা থেকে বের হয়ে এসে বাংলাদেশের উপযোগী রাজনৈতিক ধারা চালু করতে হবে। জামায়াত ও যুদ্ধাপরাধী সংগঠনগুলোকে বাদ দিয়ে সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার অংশগ্রহণে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন জেএসডির নেতারা। জেএসডি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আবদুল মান্নান মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আজিজ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক শ ম ইউসুফ, মহানগরের সভাপতি গোলাম জিলানী চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আলম, উত্তর জেলার সাধারণ সম্পাদক সরওয়ার আজম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জবিউল হোসেন, সদস্য সৈয়দ মো. আলী, তারেকুল আনোয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিপদমুক্ত হওয়া যাবে না, এখন সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের বিকল্প নেই। সাম্প্রদায়িকতাবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় কনভেনশন ডাকার জন্যও সরকারপ্রধানের প্রতি আহ্বান জানান বক্তারা।