ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় বক্তারা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জঙ্গিবাদ সাময়িকভাবে দমন করা যাবে, কিন্তু নির্মূল করা যাবে না। এ জন্য কৌশলপত্র প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। গতকাল শনিবার রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে ‘জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বি-মৌলবাদীকরণে ব্যবস্থাপত্র’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করা হয়।
মূল বক্তব্যে নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, দেশবাসী জঙ্গিবাদ দমনের মতো জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রেও সফলতা দেখতে চায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে, কিন্তু নির্মূল করতে হলে কৌশলপত্র প্রণয়ন করতে হবে। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অবিলম্বে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার শুরু করার দাবি জানান।
ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে লড়াই, তার চেয়েও কঠিন হবে মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। সবাই যে ধর্মীয় কারণে মৌলবাদী বা জঙ্গিবাদী আদর্শে যাচ্ছে তা নয়, অনেকে না বুঝেও যাচ্ছে। অনেকে অন্যের দেখাদেখি যাচ্ছে।
নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহী চৌধুরী ও আবদুর রশীদ, সাংবাদিক ফরাজানা রূপা প্রমুখ।