জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতিচর্চা প্রয়োজন: আসাদুজ্জামান নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ নির্মূল করতে হলে সংস্কৃতিচর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আজ সোমবার বিকেলে মাদারীপুরের শিবচরে তিন দিনব্যাপী দ্বিতীয় নাট্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল করতে সরকারের সব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ নির্মূল করা শুধু সরকারের একার দায়িত্বই নয়, এ ক্ষেত্রে দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব নিয়ে জঙ্গিবাদ নির্মূলে সরকারকে সহযোগিতা করতে হবে।’
ছাত্রসমাজ জঙ্গিবাদের মধ্যে ঢুকে পড়ছে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, পরিবারের পাশাপাশি শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে। জঙ্গিবাদের মধ্যে ছাত্রসমাজ যেন না জড়িয়ে পড়ে, সেই বিষয়ে ছাত্রদের প্রতি শিক্ষক, পরিবারসহ প্রত্যেককে নজর রাখার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সাংসদ নুর-ই-আলম লিটন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান প্রমুখ।