জঙ্গিবাদ নির্মূলে সামাজিক আন্দোলন গড়তে হবে : শিক্ষামন্ত্রী
জঙ্গিবাদ নির্মূল ও শিক্ষার্থীদের জঙ্গিবাদের ছোবল থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহত্তর ঢাকা জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি এবং জনগণের মিলিত প্রয়াসে সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে হবে।
ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিপথগামী না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ছেলেমেয়েদের জঙ্গি কার্যক্রম থেকে রক্ষা করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। শিক্ষার্থীদের জঙ্গিবাদ থেকে দূরে রাখতে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিষ্ঠানের ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করতে প্রতিষ্ঠান–প্রধানদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।