জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খুলনা সিটি করপোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসন নগরের শহীদ হাদিস পার্কে সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। সমাবেশে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ সভাপতিত্ব করেন। তিনি সেখানে উপস্থিত সবাইকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করান

দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল বুধবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। খুলনায় সমাবেশ শেষে সেখানে উপস্থিত সবাই সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করেন।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: সিটি করপোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসন নগরের শহীদ হাদিস পার্কে সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। সমাবেশে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ সভাপতিত্ব করেন। তিনি সেখানে উপস্থিত সবাইকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান। এতে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিটি পাড়া, মহল্লা, গ্রামে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, র্যা ব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার রেজাউল হাসান, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস প্রমুখ।
রাজবাড়ী: বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে কর্মশালা হয়। ইসলামিক ফাউন্ডেশনের জেলা শাখা এর আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, এসপি জিহাদুল কবির, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহম্মদ আলী চৌধুরী। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল হামিদ খান। বক্তারা বলেন, যারা মানুষ মেরে ইসলামের কথা বলে, তারা ইসলামের শত্রু।
পটুয়াখালী: সকালে দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, এসপি সৈয়দ মুশফিকুর রহমান, দশমিনা উপজেলা চেয়ারম্যান শাখায়াত হোসেন প্রমুখ। সভায় ধর্মবর্ণ-নির্বিশেষে সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলার আহ্বান জানানো হয়।
দুমকিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাবেশ হয়। এতে ইউএনও হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ হয়। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদার, সহসভাপতি মজিবুর রহমান প্রমুখ।
গৌরনদী (বরিশাল): সকালে উপজেলার দাখিল, আলিম, ফাজিল, কামিলসহ সব মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ হয়। এতে কাসেমাবাদ আলীয়া সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ কামেল মো. কাওছার হোসেন সভাপতিত্ব করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন গাউসিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রব, পশ্চিম শাওড়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল জলিল, আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার শাহাদাত হোসেন, হোসনাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, শিক্ষার্থী শেখ মো. হেলাল, আমিনুল ইসলাম প্রমুখ। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।