জঙ্গিবাদ নয়, ফারাজই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে হোটেল আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। তাঁর স্মরণে আজ দুপুরে ময়মনসিংহ শহরের কাচারি সড়কে নিজেদের কার্যালয়ে আলোচনার আয়োজন করে ময়মনসিংহ সাহিত্য সংসদ। ছবি: জগলুল পাশা
গুলশানে হোটেল আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। তাঁর স্মরণে আজ দুপুরে ময়মনসিংহ শহরের কাচারি সড়কে নিজেদের কার্যালয়ে আলোচনার আয়োজন করে ময়মনসিংহ সাহিত্য সংসদ। ছবি: জগলুল পাশা

জঙ্গিবাদ বা বিপথগামিতা নয়, ফারাজই বাংলাদেশের প্রতীক। গুলশান ও শোলাকিয়া হামলার পর দেশ যখন লজ্জা, ঘৃণা ও শোকে কাতর, তখন ফারাজই আমাদের বেঁচে থাকার অবলম্বন।
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত পাঠচক্র বীক্ষণের ১৬৯০তম আসরে আলোচকেরা এসব কথা বলেন। এ পাঠচক্রে সাহিত্যের বিভিন্ন শাখার ওপর আলোচনা ছাড়াও দেশে-বিদেশের রাজনীতি, যুদ্ধবিগ্রহ এমনকি জাতীয় বাজেট নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার এ পাঠচক্রের আলোচনার প্রতিপাদ্য ছিল ‘ফারাজ আইয়াজ হোসেন, তোমার জীবন দিয়ে তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছ, ওরা (জঙ্গিরা) নয়, তুমিই বাংলাদেশ।’
সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আশিক চৌধুরী। ফারাজকে নিয়ে আলোচনা করেন আইনজীবী বদর উদ্দিন আহমেদ, শিব্বির আহমেদ, আবৃত্তিকার সজল কোরায়শী, তরুণ কবি রবিউল ইসলাম প্রমুখ।
ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী সূচনা বক্তব্য দেন। তিনি বলেন, ‘গুলশানের হামলার পর বিদেশে যখন দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার পথে, আমাদের মাথা যখন লজ্জায় নত, তখন ফারাজ আমাদের নতুন করে স্বপ্ন দেখায়। মাত্র ২০ বছর বয়সের তরুণ বিদেশি বন্ধুদের জন্য নিজের জীবন উৎসর্গ করে প্রমাণ করেছে যে জঙ্গিবাদ ও সন্ত্রাস বাংলাদেশের প্রকৃত রূপ নয়। ফারাজের মতো ত্যাগী বন্ধুই বাংলাদেশ।’
আইনজীবী বদর উদ্দিন আহমেদ বলেন, ‘কিছু বিপথগামী তরুণের সন্ত্রাসী কর্মে যখন বাংলাদেশ হতাশ, তখনই আরেক তরুণ ফারাজ আমাদের চেতনায় নতুন করে নাড়া দেয়।’ তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, সময় এসেছে অপশক্তির মোকাবিলা করার। জঙ্গি দমনে রাজনৈতিক ও সামাজিক দায় রয়েছে। কাজেই রাজনৈতিক ও সামাজিক সব শুভ শক্তিকে এক হয়ে জঙ্গিবাদ রুখে দিতে হবে।
আলোচক শিব্বির আহমেদ বলেন, ফারাজের মায়ের সম্প্রতি একটি লেখায় পড়েছি, তিনি ছেলেকে নিয়ে লিখেছেন, ‘তুমি আমাকে গর্বিত মা করতে চেয়েছিলে। তোমার জন্য আমি আজ বিশ্বের সবচেয়ে গর্বিত মা।’
পাঠচক্রের সভাপতি আশিক চৌধুরী বলেন, ‘১ জুলাই গুলশানের হামলা আমাদের জন্য অনেক কষ্টের হলেও শেষ পর্যন্ত ফারাজ আমাদের জয়ী করেছে। অনেক অন্ধকারের ভেতর থেকে শেষ পর্যন্ত ফারাজ একমাত্র আলো দেখিয়েছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইনজীবী মোয়াজ্জেম হোসেন। তিনি ফারাজকে শহীদ হিসেবে উল্লেখ করে বলেন, ‘নতুন প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার করে তোলা এখন আমাদের সবচেয়ে বড় কাজ। আমরা ময়মনসিংহ থেকে সে কাজ শুরু করেছি।’
১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে ফারাজ আইয়াজ হোসেন জঙ্গিদের হাতে নিহত হন। এরপর থেকে দেশ ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরল আত্মত্যাগের কথা প্রকাশিত হচ্ছে।