জঙ্গিবাদ নয়, ফারাজই বাংলাদেশ

জঙ্গিবাদ বা বিপথগামিতা নয়, ফারাজই বাংলাদেশের প্রতীক। গুলশান ও শোলাকিয়া হামলার পর দেশ যখন লজ্জা, ঘৃণা ও শোকে কাতর, তখন ফারাজই আমাদের বেঁচে থাকার অবলম্বন।
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত পাঠচক্র বীক্ষণের ১৬৯০তম আসরে আলোচকেরা এসব কথা বলেন। এ পাঠচক্রে সাহিত্যের বিভিন্ন শাখার ওপর আলোচনা ছাড়াও দেশে-বিদেশের রাজনীতি, যুদ্ধবিগ্রহ এমনকি জাতীয় বাজেট নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার এ পাঠচক্রের আলোচনার প্রতিপাদ্য ছিল ‘ফারাজ আইয়াজ হোসেন, তোমার জীবন দিয়ে তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছ, ওরা (জঙ্গিরা) নয়, তুমিই বাংলাদেশ।’
সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আশিক চৌধুরী। ফারাজকে নিয়ে আলোচনা করেন আইনজীবী বদর উদ্দিন আহমেদ, শিব্বির আহমেদ, আবৃত্তিকার সজল কোরায়শী, তরুণ কবি রবিউল ইসলাম প্রমুখ।

ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী সূচনা বক্তব্য দেন। তিনি বলেন, ‘গুলশানের হামলার পর বিদেশে যখন দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার পথে, আমাদের মাথা যখন লজ্জায় নত, তখন ফারাজ আমাদের নতুন করে স্বপ্ন দেখায়। মাত্র ২০ বছর বয়সের কিশোর বিদেশি বন্ধুদের জন্য নিজের জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন যে জঙ্গিবাদ ও সন্ত্রাস বাংলাদেশের প্রকৃত রূপ নয়। ফারাজের মতো ত্যাগী বন্ধুই বাংলাদেশ।’
আইনজীবী বদর উদ্দিন আহমেদ বলেন, ‘কিছু বিপথগামী তরুণের সন্ত্রাসী কর্মে যখন বাংলাদেশ হতাশ, তখনই আরেক তরুণ ফারাজ আমাদের চেতনায় নতুন করে নাড়া দেয়।’ তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, সময় এসেছে অপশক্তির মোকাবিলা করার। জঙ্গি দমনে রাজনৈতিক ও সামাজিক দায় রয়েছে। কাজেই রাজনৈতিক ও সামাজিক সব শুভ শক্তিকে এক হয়ে জঙ্গিবাদ রুখে দিতে হবে।
আলোচক শিব্বির আহমেদ বলেন, ফারাজের মায়ের সম্প্রতি একটি লেখায় পড়েছি তিনি ছেলেকে নিয়ে লিখেছেন, ‘তুমি আমাকে গর্বিত মা করতে চেয়েছিলে। তোমার জন্য আমি আজ বিশ্বের সবচেয়ে গর্বিত মা।’
পাঠচক্রের সভাপতি আশিক চৌধুরী বলেন, ‘১ জুলাই গুলশানের হামলা আমাদের জন্য অনেক কষ্টের হলেও শেষ পর্যন্ত ফারাজ আমাদের জয়ী করেছে। অনেক অন্ধকারের ভেতর থেকে শেষ পর্যন্ত ফারাজ একমাত্র আলো দেখিয়েছে।’
আলোচনা সভায় আর কথা বলেন আইনজীবী মোয়াজ্জেম হোসেন। তিনি ফারাজকে শহীদ হিসেবে উল্লেখ করে বলেন, ‘নতুন প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার করে তোলা এখন আমাদের সবচেয়ে বড় কাজ। আমরা ময়মনসিংহ থেকে সে কাজ শুরু করেছি।’
১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই বিদেশি বন্ধুকে বাঁচাতে গিয়ে ফারাজ আইয়াজ হোসেন জঙ্গিদের হাতে নিহত হন। এরপর থেকে দেশ ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরল আত্মত্যাগের কথা প্রকাশিত হচ্ছে।
‘ফারাজ এক মৃত্যুঞ্জয়ী প্রাণ’
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, ‘গুলশানে এমন ঘটনা ঘটল, চোখ ভিজে যায় রক্তে। এর মধ্যে একজন ফারাজকে পেয়েছি আমরা। বুকে ছিল তাঁর বন্ধুত্বের বল, অসীম সাহসে নিজের প্রাণকে তুচ্ছ করেছেন। তাই তো এখন দুনিয়াবাসীর কাছে বাংলাদেশের ফারাজ এক মৃত্যুঞ্জয়ী প্রাণ।’
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত বাংলাদেশি ফারাজ আইয়াজ হোসেনকে এভাবেই উপস্থাপন করে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদী গান ও নাটক করেছে সিলেটের সাংস্কৃতিক সংগঠন নগরনাট।
নগরনাটের এই সাংস্কৃতিক আয়োজনের নাম ছিল ‘বুকে বুকে সাহস পুঁতে দেই, আয়...।’ শুরুতেই ২০১৫ সালের ১২ মে সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে লেখা ‘কিছু ছোট ছোট কুঁড়িদের ফুটাবে বলে তুই আবার ফিরে আসবি...’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী সঞ্জীব চৌধুরী, অরূপ বাউল, আরিফা খাতুন, তানভির হাসান, অপরূপ দত্ত গান করেন। গানের ফাঁকে ফাঁকে ছিল জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণদের জাগরণের কথা। দেশে কোনো জঙ্গি নেই বলে রাষ্ট্রীয় প্রচারের জোরালো প্রতিবাদও জানানো হয়। পরে ১ জুলাই গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করে ফারাজকে সাহসের প্রতীক হিসেবে অভিহিত করা হয়। সঞ্চালনা করেন নগরনাটের সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী।
গানের পর জঙ্গিবাদের বিরুদ্ধে জাগরণ ঘটাতে নগরনাটের সাংস্কৃতিক এ আয়োজনকে অভিনন্দিত করে বক্তব্য দেন উদীচী সিলেটের সহসভাপতি সৈয়দ মুনির হেলাল ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি আফজাল হোসেন। শেষে মাসুম রেজার রচিত ও অরূপ বাউল নির্দেশিত জঙ্গিবাদবিরোধী নাটক আদম টেস্ট মঞ্চায়ন করেন নগরনাটের নাট্যকর্মীরা।
অনুষ্ঠান শেষে নগরনাটের সভাপতি অরূপ দাশ প্রথম আলোকে বলেন, সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেহেতু অনুষ্ঠানের শিরোনামই ছিল ‘বুকে বুকে সাহস পুঁতে দেই, আয়...’, তাই ফারাজকে সাহসের প্রতীক হিসেবে প্রাসঙ্গিকভাবে স্মরণ করা হয়েছে।