জঙ্গিবাদ নয়, বাংলাদেশকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০১৪ পাওয়া ও মরণোত্তর পদক পাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠান থেকে তোলা ছবি । প্রথম আলো
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০১৪ পাওয়া ও মরণোত্তর পদক পাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠান থেকে তোলা ছবি । প্রথম আলো

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। তাঁর সরকার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০১৪ প্রদানকালে এসব কথা বলেন। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং জাতির স্বাধীনতাসংগ্রামের অমর চেতনা বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর দেশের নাগরিক বা সংগঠনকে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।
বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার নয়জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) স্বাধীনতা পুরস্কার পেয়েছে। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক গণপরিষদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের (মরণোত্তর), শহীদ মুন্সি কবির উদ্দিন আহমেদ (মরণোত্তর), শহীদ কাজী আজিজুল ইসলাম (মরণোত্তর), লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী, ড. খসরুজ্জামান চৌধুরী (মরণোত্তর), শহীদ এস বি এম মিজানুর রহমান (মরণোত্তর) ও ডা. মোহাম্মদ হারিছ আলী (মরণোত্তর), শিক্ষায় অধ্যক্ষ মো. কামরুজ্জামান (মরণোত্তর), সংস্কৃতিতে শিল্পী কাইয়ুম চৌধুরী।
প্রধানমন্ত্রী এ বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাঁদেরকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন। পুরস্কারের মধ্যে রয়েছে একটি করে ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, দুই লাখ টাকার একটি চেক ও একটি সনদ।
প্রধানমন্ত্রী গত সাধারণ নির্বাচনের সময় স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট তাদের জঙ্গিবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। তারা প্রিসাইডিং কর্মকর্তা, বিজিবি ও পুলিশ হত্যা, বাসে-রেলে আগুন, পুড়িয়ে মানুষ হত্যা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, সম্পদ নষ্টসহ নানা অপকর্ম করেছিল। তিনি বলেন, ‘একটি বিষয়ে আমি সত্যি প্রশংসা করি, সে সময় প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে এ নির্বাচন যাতে অনুিষ্ঠত হতে পারে, জানমাল রক্ষা হয়—দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করতে পেরেছিল। যার জন্য দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা পায়।’
শেখ হাসিনা বলেন, ‘কর্মক্ষেত্রে আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পেরেছি বলেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল একটাই—দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করানো। যে জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারে, সে জাতি কেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের অর্থনীতির অগ্রগতির পাশাপাশি বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও শান্তিকামী দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যারা উড়ে এসে জুড়ে বসে—দেশের জন্য তাদের মায়া থাকে না। আর যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, যখনই তাদের হাতে ক্ষমতা এসেছে, তখনই দেশের উন্নতি হয়েছে।