সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বরিশালে সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে তরুণ সমাজ বিশেষ করে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বেলা সাড়ে ১১টার দিকে ব্রজমোহন কলেজের শহীদ মিনারে ছাত্র সমাবেশ ও সড়কে মানববন্ধন হয়। কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণ, ব্রজমোহন থিয়েটার, সংস্কৃতি পরিষদ, ডিবেটিং সোসাইটি, ডিবেটিং ক্লাব, সন্ধানী, বাঁধন ও জয়যাত্রা যৌথভাবে এর আয়োজন করে। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কলেজটির অধ্যক্ষসহ শিক্ষকেরা ও বিভিন্ন ছাত্র সংগঠন অংশ নেয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, জঙ্গিবাদের সঙ্গে মুক্তচিন্তার শিক্ষক ও শিক্ষার্থীরা জড়িত থাকতে পারেন না। যাঁরা সঠিকভাবে ধর্ম পালন করেন, তাঁরাও জঙ্গিবাদের বিরুদ্ধে। সুতরাং ধর্মের নামে যারা মানুষ হত্যায় মেতেছে, তাদের প্রতিহত করতে হবে।
কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে তরুণ সমাজ বিশেষ করে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলতে হবে। তাহলে শিক্ষার্থীরা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত হবেন না।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ এস কাইউম উদ্দিন আহম্মেদ প্রমুখ।
মাগুরা: মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে দুপুরে শহরের ভায়না মোড়ের কাছে মাদ্রাসার সামনের সড়কে মানববন্ধন হয়। পরে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম মাহফুজুর রহমান, মাদ্রাসার সভাপতি ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, নিরীহ মানুষের ওপর হামলা ইসলাম ধর্ম কখনোই সমর্থন করে না। যারা ইসলাম ধর্মের নামে এগুলো করছে, তারা বিপথগামী। জনমত গঠনের মাধ্যমে তাদের রুখে দিতে হবে।
ভোলা: দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোলা বাংলা স্কুল মাঠে জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগের আহ্বায়ক ও ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান, সহসম্পাদক শামিম আল সাইফুল প্রমুখ।
মেয়র মো. মনিরুজ্জামান বলেন, ভোলার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে জনগণকে সচেতন করে জঙ্গিবাদ প্রতিহত করা হবে।
পিরোজপুর: দুপুরে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে ইমাম সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হাবিবুর রহমান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোফাজ্জেল হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুখ আবদুল্লাহ, পৌর কাউন্সিলর আবদুস সালাম, মো. সাদুল্লাহ ও শহিদুল ইসলাম সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সচিব বনি আমিন। বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির আয়োজনে বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে প্রতিবাদ শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশ হয়। এতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, প্রক্টর মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের একাংশের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।