জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাজধানীর ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার এক মাস পূর্তিতে গতকাল সোমবার সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ, জামালপুরসহ বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জঙ্গিবাদ প্রতিরোধ করার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্বসিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদ্রাসাগুলোকে নিয়ে এই কর্মসূচি ডাকা হলেও সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানই এসব কর্মসূচি পালন করে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনেবেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক রাশেদ তালুকদার, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও শোভাযাত্রা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম, রেজিস্ট্রার বদরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বেলা ১১টায় সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। পরে ক্যাম্পাসে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। বেলা ১১টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মীরবক্সটুলা এলাকার প্রধান সড়কে মানববন্ধন করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও সিলেট উইমেন্স নার্সিং কলেজ। নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সিলেটের উপজেলাগুলোতেও একই কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে বেলা ১১টায় শোভাযাত্রা বের হয়। এটি বোটানিক্যাল গার্ডেন, উপাচার্যের বাসভবন, কামাল-রঞ্জিত মার্কেট হয়ে ভেটেরিনারি অনুষদের সামনের প্রধান সড়কে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করা হয়। সভায় উপাচার্য মো. আলী আকবর বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনো সমাজ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। জঙ্গিদের লাশ পরিবারগুলো নিচ্ছে না; এতে বোঝা যায়, এদের মানুষ কতটা ঘৃণা করে। এই বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের স্থান হবে না।
কুমিল্লা: বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল চত্বরেবেলা দুইটায় মানববন্ধন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ, কোষাধ্যক্ষ কুণ্ডু গোপীদাস, রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক ও সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন বক্তৃতা করেন। মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সবাইকে এককাট্টা হয়ে কাজ করার আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ, বাংলাদেশ গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ, বিজেশ্বর এ মোনেম কলেজ, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, গভ. মডেল গার্লস হাইস্কুল, সাবেরা-সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, রামকানাই হাই একাডেমি, নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়, উইজডম স্কুল ও ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলেবেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পৌর কলেজ, সরকারি জুবিলি উচ্চবিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, এইচএমপি উচ্চবিদ্যালয়, বুলচান্দ উচ্চবিদ্যালয়, লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাবেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে মানববন্ধন করেন।
শেরপুর: শেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সদরসহ পাঁচ উপজেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অপশক্তি প্রতিরোধ করার জন্য জনতা প্রস্তুত। আজ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তা প্রমাণ করে। জঙ্গিরা কোনো দেশের নয়, কোনো ধর্মের নয়। সবাই ঐক্যবদ্ধ হলেই জঙ্গিবাদ দমন করা সম্ভব। এ দেশে জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
জামালপুর: জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।