জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যের কোনো বিকল্প নেই
মানিকগঞ্জে গতকাল বৃহস্পতিবার জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল নয়টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি আজাহারুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ইন্তাজ উদ্দিন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ঊর্মিলা রায়, মানিকগঞ্জ বারের প্রবীণ আইনজীবী আবুল কাশেম, এ কে এম কায়সার, দেলোয়ার হোসেন প্রমুখ।
মফিজুল ইসলাম খান বলেন, পবিত্র ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কোমলমতি তরুণদের বিপথগামী করে মানুষ খুনের বীভৎস কর্মকাণ্ড চলছে। শান্তির ধর্ম ইসলাম সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার শিক্ষা দেয়। ইসলামের দোহাই দিয়ে যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদ উসকে দিচ্ছে, তাদের নির্মূল করতে না পারলে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়ন নস্যাৎ হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের এ সংকটময় মুহূর্তে নিশ্চুপ না থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।