জঙ্গিবাদ প্রতিরোধে চাই ঐক্য

সম্প্রতি দেশে সংঘটিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা একই ধরনের কর্মসূচি পালন করেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের মোড় থেকে বিশ মাইল এলাকা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন উপাচার্য ফারজানা ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে উপাচার্য বলেন, ‘লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো অশুভ শক্তি নস্যাৎ করে দিতে পারবে না।’ তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা জঙ্গি হিসেবে আবির্ভূত হচ্ছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
পরে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গাজীপুর: বেলা ১১টায় জেলার শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক নূরুল ইসলাম, সেলিম মোল্লা প্রমুখ।
বেলা পৌনে ১১টায় শ্রীপুর উপজেলার ফাউগান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও তামিরুল মিল্লাত মাদ্রাসার ক্যাম্পাসের ফটকের সামনে মহাসড়কের পাশে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন জাতীয়

বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হাফিজ মুহাম্মদ হাসান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন প্রমুখ। একই দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনুরূপ কর্মসূচি পালন করে।
নরসিংদী: জেলার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। জঙ্গিবাদবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী আইডিয়াল হাইস্কুল, ব্রাহ্মনদী বালিকা উচ্চবিদ্যালয়, নরসিংদী ন্যাশনাল কলেজ, পলাশ শিল্পাঞ্চল কলেজ, মনোহরদীর পাঁচকান্দি ডিগ্রি কলেজ, মনোহরদী কলেজ, শিবপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, শিবপুর পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শিবপুর সেন্ট্রাল স্কুল, বেলাবর পোড়াদিয়া ওয়াসিম উদ্দিন খান ডিগ্রি কলেজ।
মুন্সিগঞ্জ: সরকারি হরগঙ্গা কলেজ, এ ভি জে এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়, রামপাল মহাবিদ্যালয় ও কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের শিক্ষার্থী ও শিক্ষকেরা সম্মিলিতভাবে জেলা শহরে মানববন্ধন করেন। এ ছাড়া জেলার টঙ্গিবাড়ী, গজারিয়া, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন করা হয়।
নারায়ণগঞ্জ: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে বন্দরের কদম রসুল কলেজের সামনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কদম রসূল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিরিন বেগম কর্মসূচি চলাকালে বক্তব্য দেন। নবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে স্কুলের প্রধান শিক্ষক সায়মা খানমের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক প্রতিনিধিরা মানববন্ধন করেন। এ ছাড়া হাজি সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, বন্দর ফাজিল মাদ্রাসা ও বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন অনুষ্ঠিত হয়।