জঙ্গিবাদ প্রতিরোধে চাই পাল্টা যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশের দাবিতে গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশে বক্তব্য দেন নিহত লেখক অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় l প্রথম আলো
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশের দাবিতে গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশে বক্তব্য দেন নিহত লেখক অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় l প্রথম আলো

জঙ্গিবাদ প্রতিরোধে দেশের জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে পাল্টা যুদ্ধের আহ্বান জানিয়ে ঘোষণা করা হয়েছে তিন দিনের কর্মসূচি।
গতকাল শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই’ ব্যানারে এই নাগরিক সমাবেশ হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সোমবার ‘প্রতিরোধ ঘরে ঘরে’ নামে শাহবাগসহ সারা দেশে একযোগে জঙ্গিবাদ প্রতিরোধে গণসংযোগ কর্মসূচি, ২০ জুলাই দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং ২২ জুলাই শাহবাগে গণমিছিল।
নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় বলেন, গত কয়েক মাসে সন্ত্রাসের একটি নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। পুরোহিত, পূজারিদের মতো শান্তিপ্রিয় লোকদের হত্যা করা হচ্ছে।
অজয় রায় বলেন, ‘আমরা এত দিন মাদ্রাসা ও কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের দোষ দিতাম। কিন্তু আমি এখন বিভ্রান্ত হচ্ছি। তথাকথিত সেক্যুলার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও জঙ্গিতে পরিণত হচ্ছে।’ এ জন্য গোয়েন্দা সংস্থার লোকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘দুঃখের বিষয়, আজ আমরা সবকিছু থেকে বঞ্চিত। আমরা আজ স্বামীহারা হচ্ছি, বাবাহারা হচ্ছি, মা-হারা হচ্ছি, সন্তানহারা হচ্ছি। এটা ভুলে গেলে চলবে না, ১৯৭১ সালেও এভাবেই স্বজনদের হারাতে হয়েছে। বাংলাদেশে কখনো জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’

সমাবেশ শেষে শাহবাগ থেকে জাতীয় পতাকামিছিল বের করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।