জঙ্গিবাদ প্রতিরোধে চাই সামাজিক তৎপরতা
জঙ্গিবাদ প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিকভাবে বিভিন্ন তৎপরতা বজায় রাখার অভিমত দিয়েছেন একটি মতবিনিময় সভায় অংশ নেওয়া বক্তারা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও বিপথগামী তারুণ্য: প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জঙ্গিবাদকে অভিহিত করেন একটি ‘মানবিক বিপর্যয়’ হিসেবে। তাঁরা বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে। তাই পরিবার থেকে শুরু করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ প্রাতিষ্ঠানিক পর্যায়ে নৈতিক মূল্যবোধের জায়গাটি শক্তিশালী করা প্রয়োজন।
এই মতবিনিময় সভায় সভাপতিত্বকারী সম্মিলিত নাগরিক সমাজের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ছোট ছোট ছেলেমেয়েকে পরীক্ষায় পারদর্শিতা দেখানোর মেশিন না বানিয়ে তাদের এমনভাবে উদ্বুদ্ধ করা উচিত, যাতে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের ভেতরে মননশীলতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে উঠতে পারে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সুকুমারবৃত্তি অনুশীলনের পরিমিত ব্যবস্থা থাকতে হবে তাদের জন্য। কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আজ একটি কঠিন মানবিক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছি আমরা। সামাজিকভাবে মানবিক মূল্যবোধের বিষয়গুলো ধারণ করতে না পারলে এর থেকে উত্তরণ সম্ভব নয়।’
জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রশ্নে সম্মিলিত নাগরিক সমাজের ভাইস চেয়ারম্যান ও কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, যাঁরা সন্ত্রাসের বিরুদ্ধে ও বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, তাঁদের নিয়েই জাতীয় ঐক্যের দিকে এগোতে হবে।
এ ছাড়া জঙ্গিবাদ নির্মূলে সফলতার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেই ‘শুদ্ধি’ অভিযান চালানোর পরামর্শ দিয়ে সাবেক এই ব্যাংকার বলেন, ‘গোয়েন্দা ও পুলিশে ভেজাল আছে। জঙ্গিদের জন্য যে গোয়েন্দা ও পুলিশের ব্যবস্থা করা হবে, সেখানে কেউ অসৎ হতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘পুলিশ, সিভিল সার্ভিস থেকে এ রকম হাজার মানুষকে বের করে দিতে হবে। দরকার হলে পেনশন দিয়ে বাড়িতে বসিয়ে রাখেন। খেয়ে–পরে বাঁচুক। তারপরও চাকরিতে থাকবে না।’ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান প্রমুখ।