জঙ্গিবাদ প্রতিরোধে ছয় জেলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে গতকাল দুপুরে মানববন্ধন করে পাবনার ভাঙ্গুড়ার হাসিনা-মোমিন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে গতকাল দুপুরে মানববন্ধন করে পাবনার ভাঙ্গুড়ার হাসিনা-মোমিন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

গুলশানের হলি আর্টিজান বেকারি এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ সারা দেশে জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল বুধবার ছয় জেলায় মানববন্ধন, মিছিল ও সভা-সমাবেশ করা হয়েছে। জেলা ছয়টি হলো রাজশাহী, বগুড়া, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল বিকেলে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন। বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক এস এম আবু বকর, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের রাজশাহী শাখার মনিরা রহমান, কবি আমিনা আনসারী প্রমুখ।
বগুড়া: ‘জঙ্গিবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’ স্লোগান নিয়ে গতকাল বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে বক্তব্য দেন সামস্ উল আলম, ফারুক আহমেদ প্রমুখ। শহরের সাতমাথায় সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন এ এফ এম আবদুল মতিন, শাহানা আখতার জাহান প্রমুখ।
শিবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে সন্ত্রাসবাদবিরোধী সভায় সভাপতিত্ব করেন ইউএনও আমিনুর রহমান। প্রধান ছিলেন স্থানীয় সাংসদ শরিফুল ইসলাম।
নওগাঁ: মুক্তির মোড় এলাকায় শহরের প্রধান সড়কে মানববন্ধন করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নওগাঁ শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে সংগঠনটির চেয়ারম্যান ও নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশাহ মিয়া সভাপতিত্ব করেন।
পাবনা: সদর ও ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা গ্রামে গতকাল দুপুরে পৃথক মানববন্ধন করা হয়। জেলা শহরের আব্দুল হামিদ সড়কে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও ভাঙ্গুড়ায় ২৩ নম্বর অষ্টমনীষা পল্লি সমাজ এই কর্মসূচির আয়োজন করে।
সিরাজগঞ্জ: দুপুরে সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা সরকারি কলেজ শহরের মুজিব সড়কের চারমাথায় মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ আবদুল জব্বার প্রমুখ। সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে মানববন্ধনে বক্তব্য দেন এস এম মনোয়ার হোসেন, জেসমিন আখতার প্রমুখ।
জয়পুরহাট: দুপুরে জয়পুরহাট সরকারি কলেজে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোফাখখারুল ইসলাম প্রমুখ।