জঙ্গিবাদ প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গতকাল শনিবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: বাংলাদেশ শিক্ষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে শহরের আফরোজা-রমজান বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি কাশীনাথ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা জাহান, নবগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী চ্যাটার্জি প্রমুখ। শহরের শহীদ রফিক সড়কে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনও করা হয়।
কাশীনাথ সরকার বলেন, গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর দেশের বিভিন্ন স্থানে জঙ্গি ও সন্ত্রাসী হামলার

গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মিছিল l ছবি: প্রথম আলো
গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মিছিল l ছবি: প্রথম আলো

ঘটনা ঘটেছে। মেধাবী তরুণ শিক্ষার্থীদের পথভ্রষ্ট করে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে জঙ্গি ও সন্ত্রাসীরা। কাজেই সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূলে ওই সব জঙ্গি ও সন্ত্রাসীদের দমন করতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে।
আয়োজকেরা জানান, কর্মসূচিতে মানিকগঞ্জ পৌর এলাকার ৩০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও চারটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেরা সচেতন হবেন ও অন্যকেও সচেতন করবেন বলে অঙ্গীকার করেন।
মুন্সিগঞ্জ: দুপুরে মুন্সিগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে শতাধিক মোটরগাড়ি নিয়ে ‘রোড শো’ করা হয়। রোড শো চলাকালে চারটি পথসভায় স্থানীয় সাংসদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে রোড শো শুরু হয়। এখানে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। এরপর রোড শো রওনা হয় সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তার উদ্দেশে। পথে সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা, টঙ্গিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা ও সর্বশেষ সিরাজদিখানের ইছাপুরা চৌরাস্তায় জঙ্গিবাদ ও মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর গাঙ্গুলি প্রমুখ।
গাজীপুর: জেলার কালিয়াকৈর কওমি মাদ্রাসা উলামা-মাশায়েখ উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ কর্মসূচির পালন করা হয়।
মুফতি ইমদাদুল হকের সভাপতিত্বে প্রথমে চন্দ্রা এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে চন্দ্রা ত্রিমোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম, উপজেলা মাদ্রাসা বোর্ডের সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান প্রমুখ।
এর আগে কওমি মাদ্রাসা উলামা-মাশায়েখ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়।