জঙ্গিবাদ প্রতিরোধে সংস্কৃতিচর্চা জোরদারে কর্মসূচি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে সারা দেশে সংস্কৃতিচর্চা জোরদার করা হচ্ছে। সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা জানান সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আলোচনা করে কর্মসূচি ঠিক করে পরে জানানো হবে। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতি মানে শুধু গানবাজনা নয়, শিক্ষার্থীদের মধ্যে বোধ তৈরি করা। এ লক্ষ্যেই কর্মসূচি নেওয়া হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘আমরা সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানেই যেতে চাই। চেতনা জাগাতে চাই, যাতে জঙ্গিবাদ প্রশ্রয় না পায়।’
সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশেই আন্দোলন চলছে, যার যার অবস্থান থেকে। এ কাজ সমন্বিতভাবে করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, আগামী ৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে সভা করা হবে।