জঙ্গিবাদ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও রাজবাড়ী শহরে গতকাল রোববার জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী প্রতিবাদ সভা ও সমাবেশ হয়েছে। রাজবাড়ীতে সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

দুপুর ১২টার দিকে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের উদ্যোগে আলফাডাঙ্গা সদরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান। তিনি বলেন, আলফাডাঙ্গায় জঙ্গিরা যাতে ঘাঁটি না বানাতে পারে, সে জন্য সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। কাউকে সন্দেহ হলে তৎক্ষণাৎ থানায় জানাতে হবে। ঘরে ঘরে জঙ্গিবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার, আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়।

এদিকে রাজবাড়ী শহরের প্রাচীন বিদ্যাপীঠ ইয়াছিন উচ্চবিদ্যালয়ে গতকাল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। এতে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাইদা খানম।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের তাগিদ দেওয়া হয়।