জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান গুপ্তহত্যাসহ সন্ত্রাসী ও জঙ্গি হামলা প্রতিরোধে গতকাল সোমবার বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এতে মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: দুপুর ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠানটির জেলা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। কার্যালয়ের মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের জেলা শাখার উপপরিচালক সৈয়দ আবদুল মঈন সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। জঙ্গিরা ইসলামের শত্রু। তাঁরা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পটুয়াখালী: সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কলেজ রোডে জেলা মহিলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে নিউমার্কেটর প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, সদস্য আ. আজিজ দুয়ারী, সমির কর্মকার, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম এ হাই খন্দকার, সাধারণ সম্পাদক সুব্রত দাস প্রমুখ।
ফরিদপুর: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও গোপালগঞ্জে গতকাল ইসলামিক ফাউন্ডেশন পৃথক মিছিল করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় আলেম-ওলামারা মিছিলে অংশ নেন।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক আবু আলী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
এদিকে গোপালগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলামিক ফাউন্ডেশন অফিসের সামনে থেকে বের করা হয়। শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার সেখানে গিয়ে শেষ হয়।
পাথরঘাটা (বরগুনা): বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পাথরঘাটা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের শেখ রাসেল স্কয়ারে প্রতিবাদ সভা হয়। এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। কর্মসূচিতে মসজিদের ইমাম, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।