জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে গতকাল বগুড়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। ছবিটি শহরের বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কাছ থেকে তোলা l প্রথম আলো
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে গতকাল বগুড়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। ছবিটি শহরের বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কাছ থেকে তোলা l প্রথম আলো

দেশে চলমান গুপ্তহত্যাসহ সন্ত্রাসী ও জঙ্গি হামলা প্রতিরোধে গতকাল সোমবার বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সভায় বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বেশির ভাগ জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: বেলা ১১টার দিকে জেলা শহরে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী শাখার উপপরিচালক এরফান আলী সভাপতিত্ব করেন। সকালে জলঢাকা, ডোমার, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলায় একই কর্মসূচি পালন করা হয়।
পঞ্চগড়: জেলার বোদা উপজেলা পরিষদ চত্বরের বটমূলে দুপুরে সমাবেশ হয়। এতে ইউএনও আবু আউয়াল সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম। সেখানে বক্তারা বলেন, যারা সন্ত্রাস, জঙ্গিবাদী কাজ করে তারা ইসলামের শত্রু।
সিরাজগঞ্জ: সকালে জেলার শাহজাদপুর উপজেলা মিলনায়তন ও উল্লাপাড়া উপজেলার বিআরডিবি মিলনায়তনে পৃথক আলোচনা সভা ও শোভাযাত্রা হয়। শাহজাদপুরে ইউএনও শামীম আহমেদ ও উল্লাপাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা শাখার পরিচালক ফরিদ উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। আলোচনার আগে শোভাযাত্রা বের করা হয়।
কুড়িগ্রাম: সকালে জেলার ভূরুঙ্গামারী উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউএনও আজাহারুল ইসলাম, আন্ধারীঝাড় কেন্দ্রীয় মসজিদের খতিব আশফাকুর রহমান প্রমুখ।
নাটোর: দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা অংশ নেন। এর আগে তাঁরা বনপাড়া শহরে শোভাযাত্রা করেন।
দিনাজপুর: দুপুরে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির জেলা শাখা কর্মী সমাবেশ করে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতা সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিহতের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সমাবেশে দলটির জেলা সভাপতি আবদুল হক সভাপতিত্ব করেন।
দুপচাঁচিয়া (বগুড়া): দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও শাহেদ পারভেজ। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সখিনা বেগম, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি আজিজুর রহমান প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর): বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা শাখার কর্মকর্তা নাজমুল হোসেন এতে সভাপতিত্ব করেন।
বাগমারা (রাজশাহী): সকালে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ।
শেরপুর (বগুড়া): বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা হয়। এতে ইউএনও এ কে এম সরোয়ার জাহান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান।
বেড়া (পাবনা): উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ে বিকেল পাঁচটায় সভা শুরু হয়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ (পাবনা-১) শামসুল হক।