জঙ্গিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ প্রতিরোধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা, সৃষ্টিশীল কাজের সুযোগ তৈরি এবং ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, ছাত্র আন্দোলন শক্তিশালী হলে জঙ্গিবাদ জায়গা পাবে না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ধর্মীয় সাম্প্রদায়িক জঙ্গিবাদী সন্ত্রাস ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ প্রতিরোধ, মুক্তবুদ্ধির চর্চা, গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ওই মতবিনিময়ের আয়োজন করে।
আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক অজয় রায় বলেন, একধরনের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। জঙ্গিদের বিচার করতে হবে। প্রয়োজনে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু করতে হবে। তিনি তরুণদের জঙ্গিবাদে সম্পৃক্ত হওয়া ঠেকাতে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা, ছাত্র সংসদ চালু করা, সৃষ্টিশীল কাজ করার সুযোগ তৈরি করার পরামর্শ দেন।
অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেন, সরকার জঙ্গিবাদী মতাদর্শে পরিচালিত। জঙ্গিরা যেমন নিজেরা ঠিক করে দেয় কে মুসলমান কে মুসলমান না, তেমনি বর্তমান সরকার যেভাবে ইতিহাস বলবে সবাইকে সেভাবেই বলতে হবে। সরকার যেটাকে উন্নয়ন বলবে, সেটাকেই উন্নয়ন বলতে হবে। প্রশ্নহীন আনুগত্য থাকতে হবে, এমন পরিবেশ জঙ্গিবাদের উর্বর ক্ষেত্র তৈরি করে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, জঙ্গিবাদ ইস্যুতে সরকার চাপে থাকলেও জঙ্গি মোকাবিলায় আন্তরিক পদক্ষেপ নিচ্ছে না বলে মানুষ মনে করে। মানুষ মনে করে, এটা নিয়ে তারা রাজনীতি করছে। জঙ্গিরা আইএস না দেশীয় এটি বিষয় না। তারা জঙ্গি। বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, প্রাথমিক স্তরেই তিন ধারার শিক্ষাব্যবস্থা চালু আছে। এসব ধারার ভেতর আবার অনেকগুলো ধারা আছে। শিক্ষাক্ষেত্রে একটি বিশাল পার্থক্য, দেয়াল তৈরি করে রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কিছু করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নয়-দশজনের বেশি শিক্ষককে পাওয়া যায় না। এই শূন্যতা সারা দেশে। বর্তমান পরিস্থিতির জন্য তিনি আদর্শিক শূন্যতাকে দায়ী করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেজা-ই-করিম খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব প্রমুখ বক্তব্য দেন।