জঙ্গিবাদ প্রতিরোধের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও খাগড়াছড়িতে গতকাল বুধবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকেরা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছেন। এসব কর্মসূচিতে জঙ্গিবাদ ঠেকাতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করতে না পারে, সে জন্য অভিভাবক, শিক্ষকসহ সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চার জেলায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জঙ্গিবাদ প্রতিরোধ করার অঙ্গীকার করেন অংশগ্রহণকারী ব্যক্তিরা।
কক্সবাজার: কক্সবাজার সরকারি কলেজে গতকাল দুপুর ১২টায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ‘প্রিয় বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দাঁড়াও’ স্লোগান ধারণ করে শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কক্সবাজার সরকারি কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মফিদুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. ছলিমুর রহমান, অধ্যাপক হোসেন মোহাম্মদ আরিফ ইলাহী, গিয়াস উদ্দিন, মো. সুলাইমান, আফরিন আরা খাতুন, কামরুল আহসান, শিক্ষার্থী কায়ছারুল আলম, জাকের হোসেন, আব্দুল শুক্কুর, মেহেদি হাসান, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এই কলেজে শিক্ষার্থী রয়েছে প্রায় ১০ হাজার। এই ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে কোনো একজন শিক্ষার্থীও যদি জঙ্গিবাদে লিপ্ত থাকে, তাহলে ঐতিহ্যবাহী এই কলেজের সুনাম মাটিতে মিশে যাবে। তাই শিক্ষক-শিক্ষার্থীদের এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কোনো শিক্ষার্থী অনুমতি ছাড়া টানা ১০ দিন কলেজে অনুপস্থিত থাকলে তার কারণ অনুসন্ধানের জন্য থানা-পুলিশের সহযোগিতা চাওয়া হবে।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ হয়েছে। গতকাল সকালে কলেজের সম্মেলনকক্ষে অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, চকরিয়া কলেজের অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, চকরিয়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি এ কে এম সাহাবুদ্দিন ও অধ্যাপক শামশুল হুদা।
ইউএনও সাহেদুল ইসলাম বলেন, দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন কিছু লোক বাংলাদেশের গায়ে জঙ্গিবাদের তকমা লাগাচ্ছে। এ জন্য সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। কেউ যাতে ইসলামের নাম ব্যবহার করে তরুণদের বিভ্রান্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
এএসপি মতিউল ইসলাম বলেন, ‘ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা শিক্ষার্থীদের মগজধোলাই করছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধোলাই করব। এ জন্য সচেতনতা দরকার।’
ওসি জহিরুল ইসলাম বলেন, ‘বাড়ি ভাড়া দেওয়ার সময় সতর্ক হতে হবে। কারা বাড়ি ভাড়া নিচ্ছে, তাদের পেশা কী—সবকিছুর তথ্য সংগ্রহ করে থানায় জমা দিতে হবে।’
চট্টগ্রামের সাতকানিয়া: জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদের সাতকানিয়া উপজেলা কমান্ড। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে সাতকানিয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সাতকানিয়া থানা সড়কে মানববন্ধন ও সমাবেশ করা হয়। পরে মুক্তিযোদ্ধা ও সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা মিলে জঙ্গি প্রতিরোধে শপথ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা কমান্ডের কমান্ডার আবু তাহের। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলার ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা ইউসুফ বাঙ্গালী, সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর সাইফুল আলম, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মাহফুজুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অন্ধকার, অসভ্যতা, অসুস্থতা থেকে দেশকে বাঁচাতে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে দেশবিরোধী চক্র দেশে জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে। গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক জঙ্গিবাদবিরোধী বিভিন্ন প্লাকার্ড হাতে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, দেশবিরোধী চক্র যে উদ্দেশ্যে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চাইছে, তাদের সেই উদ্দেশ্য কখনো বাস্তবায়িত হবে না। কেননা, বাংলাদেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে উদার হতে শেখায়। শিক্ষার্থী যাতে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত হতে না পারে, সে জন্য শিক্ষকদের সচেতন হতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্যে দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অধ্যাপক কামরুল হুদা প্রমুখ।
এদিকে সাধারণ শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গিবাদের বিরুদ্ধে পদযাত্রা ও মানববন্ধন করেন। পদযাত্রাটি বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে এসে শেষ হয়। সেখানে তাঁরা মানববন্ধনে অংশ নেন।
ফেনী: ফেনীর বিভিন্ন প্রতিষ্ঠানে গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ফেনী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহরের কলেজ রোডে মানববন্ধন ও সমাবেশ করেন। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু নছর ভূঁইয়া, শিক্ষক পরিষদের সম্পাদক মো. নুরুল আজিম ভূঞা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন।
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও আতিকুল ইসলামের পরিচালনায় সমাবশে বক্তব্য দেন সৈয়দ মাহববুল আলম, আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া একই দাবিতে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জঙ্গিবিরোধী মানববন্ধন করেছেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ফেনী উপকেন্দ্রের সদস্যরা। সংগঠনের সভাপতি মো. রফিক উল্লাহ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মো. শহীদুল ইসলাম।
খাগড়াছড়ি: বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সবুর খান। বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক এম রাশেদুল হক, মোহাম্মদ আবুল বশার, জাহেদ হাছান, মো. খালেদ হোসেন খান প্রমুখ।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, ফেনী অফিস, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা)