জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন ও সমাবেশ
গাইবান্ধা শহরের শহীদ মিনার চত্বরে ও ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার জঙ্গিবিরোধী সমাবেশ হয়েছে। এদিকে নীলফামারীর জলঢাকা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
শহীদ মিনার চত্বরে গতকাল বিকেলে আওয়ামী লীগ গাইবান্ধা শহর শাখা ওই সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আমিনুর জামান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম প্রমুখ।
একই দিন একই সময়ে ফুলছড়ির নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান মোল্লা। বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পাড়া-মহল্লায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে তাঁদের প্রতিহত করার আহ্বান জানান।
এদিকে বৃহস্পতিবার রাত আটটার দিকে জলঢাকা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক মতবিনিময় সভা হয়। ওই সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী। এতে ১৪ দলের নেতারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছারকে সভাপতি, সাধারণ সম্পাদক সহিদ হোসেনকে সদস্যসচিব ও জেলা জাসদের সভাপতি আজিজুল ইসলামকে সহসভাপতি করে উপজেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এ সময় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহচান, জাসদের উপজেলা সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের উপজেলা আহ্বায়ক মো. আসাদুজ্জামান প্রমুখ।